মাধবপুরের দুই মেয়র প্রার্থীই স্বশিক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীই স্বশিক্ষিত। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহা এবং বিএনপির প্রার্থী হাবিবুর রহমান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, হিরেন্দ্র লাল সাহা পেশায় ব্যবসায়ী। বছরে তাঁর আয় ৪ লাখ ৫৫ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় হয় ২ লাখ ১৫ হাজার এবং মেয়র পদের ভাতা ও সম্মানী পান ২ লাখ ৪০ হাজার টাকা। তাঁর হাতে নগদ ২ লাখ টাকা ও ব্যাংকে ৪ লাখ টাকা জমা আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নিজের নামে ২ লাখ ৪০ হাজার ও স্ত্রীর নামে ১ লাখ টাকা জমা আছে। তাঁর নিজের ৮ ভরি ও স্ত্রীর ১৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। তাঁর ১১ লাখ ৯০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। তাঁর কিছু আসবাবও রয়েছে।
হিরেন্দ্র লাল সাহা বলেন, তাঁর সময়ে পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়। এ সময় পৌরসভা ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।
হলফনামা অনুযায়ী, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান পেশায় ইট, বালু ও পাথর সরবরাহকারী। তাঁর বাৎসরিক আয় ২ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে আসে ২০ হাজার টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে আয় হয় ১ লাখ ২৫ হাজার এবং ব্যবসা থেকে ৮০ হাজার টাকা আয় হয়। তাঁর কাছে নগদ ৬০ হাজার টাকা এবং ব্যাংকে ১ লাখ ৫০ হাজার টাকা জমা আছে। তাঁর স্ত্রীর নামে পাঁচ ভরি স্বর্ণালংকার আছে। হাবিবুর রহমানের কৃষিজমির পরিমাণ ১৭ শতক ও অকৃষি জমি ৫ শতক। এ ছাড়া তাঁর কিছু আসবাব রয়েছে।
হাবিবুর রহমান বলেন, পৌরসভায় আগে যাঁরা মেয়র ছিলেন তাঁরা কেউ তেমন উন্নয়ন করতে পারেননি। এ কারণে জনগণের দাবি পূরণে তিনি প্রার্থী হয়েছেন।