মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আগের নিয়ম বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে ও আগের নিয়ম বহাল রাখার দাবিতে গতকাল বুধবার সকালে পাবনার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পাবনা জেলার ‘সচেতন ছাত্রছাত্রীবৃন্দ’ ব্যানারে শহরের আবদুল হামিদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে আবদুল হামিদ সড়কের মুক্তমঞ্চ প্রাঙ্গণে সমবেত হয়। সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি সড়কের প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির কথা তুলে ধরে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, আগে সৃজনশীল প্রশ্নপত্রে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হতো। নতুন নিয়মে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ জন্য সময় বাড়ানো হয়েছে ১০ মিনিট। কিন্তু এই অল্প সময়ে একটি বাড়তি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা সম্ভব নয়।
জানতে চাইলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। এ বিষয়ে সরকারি কোনো নির্দেশনাও তাঁদের কাছে আসেনি।