মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে খাতা দেখার প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে সঠিক ও প্রয়োজনীয় সময় বরাদ্দ দেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে এসব পরীক্ষার খাতা দেখাতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার এ রুল দেন। শিক্ষাসচিব ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ২৩ নভেম্বর ‘পরীক্ষার খাতা দেখায় নৈরাজ্য’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ১ জানুয়ারি জনস্বার্থে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিবছর সেই ফল পর্যালোচনার জন্য শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা বাড়ছে। ২০১৪ সালে ৮ সাধারণ বোর্ডসহ ১০ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল ৪৩ হাজার শিক্ষার্থী। গত বছর সে সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৩০১। এ বছর আবেদন করেছিল ১ লাখ ৭২ হাজার ৬৫৮ শিক্ষার্থী। পুনর্নিরীক্ষার আবেদন বাড়ার সঙ্গে সঙ্গে ফল রদবদলের হারও বেড়েছে। ২০১৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছিল ২ হাজার ৯১ শিক্ষার্থীর। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৪০৪ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৪১ জন। বাকিদের গ্রেড পরিবর্তন হয়েছে। এ বছর ১০ বোর্ডে ফলাফল পরিবর্তন হয়েছে ৪ হাজার ১৫২ জনের। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ১ হাজার ৮৫২ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮১১ জন। বাকিদের গ্রেড পরিবর্তন হয়েছে।