নকল করতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ছাত্রছাত্রী
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ২০১০ সালের মাধ্যমিক ও সমানের পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ছয় হাজার ১৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছয় লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং পাঁচ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী।পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনাসংক্রান্ত এক সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ বক্তব্য দেন। এ সময় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, এই পরীক্ষায় নকল করতে দেওয়া হবে না। নকলের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানান তিনি। নুরুল ইসলাম নাহিদ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সব এলাকার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সর্বাত্মক সহযোগিতা চান। তিনি তাঁদের অযথা পরীক্ষাকেন্দ্রে না যেতে এবং খুব বেশি প্রয়োজন হলে কেন্দ্রসচিবকে অবগত করে যাওয়ার অনুরোধ করেন। তিনি পাস করার চিন্তা-ভাবনাকারী পরীক্ষার্থীদেরই পরীক্ষার হলে আসার পরামর্শ দেন।