মাধ্যমিক পরীক্ষা আজ শুরু
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার। এবার এই তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ তিন হাজার ২০৩ জন। গতবার এই সংখ্যা ছিল ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। গতবারের চেয়ে এবার এক লাখ ১৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী কমেছে।আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ মার্চ শেষ হবে লিখিত পরীক্ষা।শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মোট শিক্ষার্থীর মধ্যে শুধু এসএসসি পরীক্ষার্থী নয় লাখ ৮৯ হাজার ৮১৭ জন। দাখিলে দুই লাখ ২৫ হাজার ২৬ জন ও ভোকেশনালে ৮৮ হাজার ৩৬০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রসংখ্যা ছয় লাখ ৬৮ হাজার ২৬৮ জন এবং ছাত্রীসংখ্যা ছয় লাখ ৩৪ হাজার ৯৩৫ জন।সারা দেশে মোট ২৭ হাজার ৭৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত এবং উচ্চতর গণিত ছাড়া বাকি সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।