মাধ্যমিক পরীক্ষা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ১৫ হাজারের মতো পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখেরও বেশি। গত বছর পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার প্রস্তুতি শেষ করেছে।এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র ও খাতা পাঠানোসহ পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। সোমবার (আজ) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে পরীক্ষার বিভিন্ন তথ্য জানানো হবে।’ আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা হবে।গত বছর প্রথমবারের মতো বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ের পরীক্ষা হয়েছিল সৃজনশীল প্রশ্নপত্রে। এবার এই দুটি বিষয়ের পাশাপাশি আরও পাঁচটি বিষয়ের পরীক্ষা নতুন এই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে প্রথম আলোকে জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম। বিষয়গুলো হলো: সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি। তিনি জানান, এবার ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ১৫ হাজার দুজন।এদিকে ঢাকা মহানগরের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।