মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় থেকে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের কোচিং ফি আদায় করা থেকে বিরত থাকার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ছাত্র বা ছাত্রীকে ২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ থেকে কোনো অজুহাতে বিরত রাখতে পারবে না। বোর্ড নির্ধারিত ফি আদায় সাপেক্ষে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে।

নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে বিবাদীদের দাখিল করতে বলে ওই দিন পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত।

‘আটগুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে ১০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ফরম পূরণ বাবদ নির্ধারিত ফি ১৪০০ টাকা। অথচ বাড়তি ফি নেওয়া হচ্ছে। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত রুল দেন।

রুলে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের কাছে থেকে ফরম পূরণ বাবদ বাড়তি ফি আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং বাড়তি ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। শিক্ষাসচিব ও আট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের রুলের জবাব দিতে বলা হয়।

এরপরও কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তি ফি আদায় করছে, উল্লেখ করে ব্যাখ্যাকারী হিসেবে আইনজীবী মাহফুজুর রহমান একটি আবেদন করেন। এ আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।