মাধ্যমিক পরীক্ষায় নতুন পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
২০১৭ সাল থেকে এসএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরের ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষার্থীদের একটি মিছিল জামালখান মোড় ঘুরে চেরাগীর মোড়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেয় নগরের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী।
কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল ‘মানি না, মানব না, সাতটি সৃজনশীল লিখব না’, ‘উই আর হিউম্যান, নট রোবট’, ‘নতুন পদ্ধতি বাতিল করো, পুরোনো পদ্ধতি বহাল করো’।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে। গত বছরের ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।
লিখিত পরীক্ষার সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নের পরিবর্তে সাতটি প্রশ্ন লেখা বাধ্যতামূলক করার নতুন সিদ্ধান্তের প্রতিবাদের কর্মসূচিতে অংশ নেওয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সাদাত ইয়াকিন চৌধুরী প্রথম আলোকে বলে, ‘বর্তমান পদ্ধতিতে ২ ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কঠিন হয়ে যায় অনেকের জন্য। সেখানে মাত্র ১০ মিনিট বাড়িয়ে আরেকটি সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে দেওয়া আমাদের ওপর জুলুম ছাড়া আর কিছুই নয়।’