বিদ্যালয়ে বিষয় খোলা হয়, কিন্তু শিক্ষকের পদ সৃষ্টি হয় না। যাঁদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ নন। এ কারণে অভিভাবকেরা শিক্ষার্থীদের ক্লাসমুখী না করে কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তার ওপর রাজনৈতিক প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মযজ্ঞকে নানাভাবে ব্যাহত করছে। শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধাকে বিকশিত করতে হলে রাষ্ট্র, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে যৌথভাবে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগই মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারে।
গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লায় আয়োজিত এক কর্মশালায় ঘুরেফিরে বেশির ভাগ বক্তা এমন অভিমত ব্যক্ত করেন। কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই কর্মশালা হয়। কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) আখতার হামিদ খান মিলনায়তনে ওই কর্মশালা হয়। কর্মশালায় সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়, বেসরকারি সংস্থা এইড কুমিল্লা ও দাতা সংস্থা জিআইজেড।