বাইরে থেকে কেনা প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা নেওয়ায় লালমনিরহাটের মাধ্যমিক পর্যায়ের ১৪৯টি স্কুল ও ৬৫টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার এ নোটিশ দেওয়া হয়।
এ-সংক্রান্ত দাপ্তরিক পত্র থেকে জানা যায়, প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করার কারণ আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
জেলা শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, ২০১২ সালের ১৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি বিদ্যালয়কে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাইরে থেকে প্রশ্নপত্র কিনে পরীক্ষা নেওয়া যাবে না বলেও তাতে বলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা শিক্ষা কার্যালয়ের একাধিক ব্যক্তি জানান, সৃজনশীল প্রশ্ন প্রণয়নে প্রশিক্ষণ ও পরামর্শ পাওয়ার পরও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উপজেলা শিক্ষক সমিতির মাধ্যমে নিম্ন মানের প্রশ্ন কিনে বার্ষিক পরীক্ষা নিয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ, সমিতির প্রশ্নে সদর উপজেলার ৪৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা গ্রহণের কথা স্বীকার করেছেন। এতে শিক্ষক সমিতির আর্থিক বাণিজ্য করেনি বলে জানান তিনি।
সদর উপজেলার চার্চ অব গড উচ্চবিদ্যালয়ের (মিশন স্কুল) প্রধান শিক্ষক জেমস এম দাস বলেন, ‘রচনামূলক প্রশ্নপত্র নিজেরা প্রণয়ন করলেও নৈর্ব্যক্তিক প্রশ্ন বাইরে থেকে কিনে বার্ষিক পরীক্ষা নিয়েছি।’
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।