মাধ্যমিক পাস নেই কেউ
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন প্রার্থীর কেউই মাধ্যমিক পাস করেননি। তাঁদের মধ্যে পাঁচজনের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। একজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও আরেকজন স্বশিক্ষিত।
প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এই সাত নারী কাউন্সিলর প্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা যায় আছমা আরা, নাছিমা আকতার, বেদেনা বেগম, মাহবুবা আখতার ও লক্ষ্মী রানী অষ্টম শ্রেণি পাস। আর বন্দনা রানী নিজেকে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলে হলফনামায় উল্লেখ করেছেন। সেই সঙ্গে বিলকিছ বেগম স্বশিক্ষিত বলে জানা গেছে। এসব প্রার্থী তাঁদের হলফনামায় দেওয়া তথ্য সঠিক বলে দাবি করেন। বন্দনা রানী বলেন, ‘আমার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে আসছি।’
সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক বলেন, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বেঁধে দেওয়া নেই।