
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই মাধ্যমিক স্কুলের গণ্ডি পার হতে পারেননি। পাঁচ প্রার্থীর মধ্যে আবার দুজন অক্ষরজ্ঞানসম্পন্ন। একজনই কেবল স্নাতকোত্তর ডিগ্রিধারী।
শৈলকুপাকে পৌরসভা ঘোষণা করা হয় ১৯৯২ সালে। তিন বছর হলো এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে। এই পৌরসভায় ভোটার ২৫ হাজার ২৮৬ জন। আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এঁদের মধ্যে আওয়ামী লীগ-মনোনীত এবং বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম অক্ষরজ্ঞানসম্পন্ন, বিএনপি-মনোনীত এবং সাবেক মেয়র মো. খলিলুর রহমান অষ্টম শ্রেণি পাস, আওয়ামী লীগের বিদ্রোহী মো. তৈয়বুর রহমান খান নবম শ্রেণি পাস, আরেক বিদ্রোহী মো. রেজাউল ইসলাম এমএসএস এবং বিএনপি-মনোনীত প্রার্থীর স্ত্রী রাজিয়া সুলতান স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
শৈলকুপা শহরের কবিরপুর এলাকার ভোটার আমিরুল ইসলাম বলেন, ‘১৯৯২ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর যে দুজন মেয়র হয়েছেন, তাঁরা কেউ এসএসসি পাস করেননি। তাঁরা দীর্ঘদিন আমাদের প্রতিনিধিত্ব করে আসছেন। রাজনৈতিক দল এঁদের সমর্থন ও মনোনয়ন দেওয়ায় এঁরা নির্বাচিত হচ্ছেন। আর দলীয় সমর্থন না পেয়ে পৌরসভার আইনকানুন জানা-বোঝা কেউ নির্বাচনে আসছেন না।’
আরেক ভোটার আকামত হোসেন বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষার কদর বাড়লেও নির্বাচনের ক্ষেত্রে কমে যাচ্ছে, যা ভবিষ্যতে ক্ষতির কারণ হবে।
এ ব্যাপারে ঝিনাইদহের প্রবীণ শিক্ষক ও মানবাধিকারকর্মী আমিনুর রহমান বলেন, ‘পৌর এলাকায় মোটামুটি শিক্ষিত মানুষ বসবাস করেন। তাঁদের যাঁরা প্রতিনিধিত্ব করবেন, তাঁরা একটু শিক্ষিত হলে ভালো হয়। কারণ আইনকানুন পড়তে ও বুঝতে না পেরে আমাদের অনেক জনপ্রতিনিধি তাঁদের ক্ষমতা সম্পর্কে ঠিকমতো জানেন না। তখনই আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তখনই নাগরিক সেবা বাধাগ্রস্ত হয়।’
আমিনুর রহমান আশা করেন, এসব পদে নির্বাচনের ক্ষেত্রে একটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলে ভালো হয়, যা নির্বাচন কমিশন ভাববে।