মাধ্যমিক বিদ্যালয়েও মন্ত্রিপরিষদ!
দেশের মাধ্যমিক স্তরের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও গঠন করা হচ্ছে স্টুডেন্টস কেবিনেট বা ছাত্র মন্ত্রিপরিষদ। প্রথম পর্যায়ে ৮ আগস্ট সারা দেশের এক হাজার ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে এ মন্ত্রিপরিষদ গঠন করা হবে। মন্ত্রিপরিষদের মেয়াদ হবে এক বছর।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে ‘স্টুডেন্টস কেবিনেট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একজন করে এবং অষ্টম, নবম ও দশম শ্রেণিতে দুজন করে মোট আটজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে এই মন্ত্রিপরিষদ গঠিত হবে। নির্বাচন হবে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে।
এর আগে ২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন হচ্ছে।