মাধ্যমিক বিদ্যালয় চালু করতে দেওয়া হলো বন্যা আশ্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নদীভাঙনকবলিত রসুলপুর বন্যা আশ্রয়কেন্দ্রটি (ফ্লাড সেন্টার) প্রথম আলো চর প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য দেওয়া হয়েছে। গত শনিবার ভবনটি ভেঙে প্রথম আলো চর প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে।‘কেয়ার বাংলাদেশ’-এর সৌহার্দ্য কর্মসূচির আওতায় ২০০৯ সালে বন্যার্ত মানুষের সহায়তায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুরে আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করে। বর্তমানে এ এলাকায় দুধকুমার নদের দুই কিলোমিটারজুড়ে ব্যাপক ভাঙন চলায় এটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলা প্রশাসন অবস্থা বেগতিক দেখে ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।গত মঙ্গলবার প্রথম আলো চরের বাসিন্দারা ওই ভবনটি ভেঙে নিয়ে মাধ্যমিক বিদ্যালয় ভবন তৈরির জন্য তাঁদের দেওয়ার আবেদন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদ হোসেন ও ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেকের কাছে। আবেদনে তাঁরা উল্লেখ করেন, প্রথম আলো চর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু আছে। গত ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষার পর পঞ্চম শ্রেণী পাস করা শিশুরা বিদ্যালয়ের অভাবে লেখাপড়া বন্ধ করে দিয়েছে। এ ছাড়া আশপাশের শতাধিক চরে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে কয়েক হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। প্রথম আলো চরে মাধ্যমিক বিদ্যালয় চালু হলে তারা পড়াশোনা করার সুযোগ পাবে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও গত বুধবার বন্যা আশ্রয়কেন্দ্র পরিচালনা কমিটি ও কেয়ার সৌহার্দ্য কর্মসূচির প্রতিনিধিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সভা করেন। সভায় কমিটির সদস্যরা উচ্চশিক্ষার প্রসারে ভবনটি প্রথম আলোর চর প্রাথমিক বিদ্যালয়কে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে গত শনিবার ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আবদুল মালেক ও ইউপি সদস্য তহিদুল ইসলামের উপস্থিতিতে ভবনটি ভেঙে প্রথম আলো চরে নেওয়া হয়।ঘোগাদহ ইউপির চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘প্রথম আলো চরের শিশুদের শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এখন ওই বিদ্যালয়ে ২৩৭ জন শিশু লেখাপড়া করছে। বিদ্যালয়টি না হলে এ সুযোগ থেকে বঞ্চিত হতো। ফ্লাড সেন্টারটি দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস চালু করলে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আশপাশের অনেক চরের শিশুরা এখানে পড়তে সুযোগ পাবে। আশা করি প্রথম আলো কর্তৃপক্ষ তা করবেন।’