মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে বাড়তি টাকা না নিতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তিতে অতিরিক্ত ফি না নেওয়ার জন্য ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। গত বুধবার এই চিঠি পাঠানো শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নভেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী এ বছর উপজেলা সদর ও পৌরসভা এলাকার বিদ্যালয়ে ভর্তিতে জনপ্রতি এক হাজার টাকা এবং এসব এলাকার বাইরের বিদ্যালয়গুলোতে ভর্তি ফি ৫০০ করে টাকা নিতে পারবে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০১৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি বাবদ কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই সরকারি নীতিমালার আলোকে ভর্তির ফি ধার্য ও আদায় করার জন্য বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, উপজেলা সদরের বাইরের বিদ্যালয়গুলোতে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘ভর্তি ফি বেশি না নিতে চিঠি দেওয়া হয়েছে। তবে আমরা কোনো বাড়তি ফি আদায় করছি না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ বলেন, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারনির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। সরকারনির্ধারিত ফির বেশি যাতে কেউ আদায় না করে, সে জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তি বাবদ সরকারনির্ধারিত ফির বেশি কোনো টাকা কোনো প্রতিষ্ঠান আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।