মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৩ নম্বর দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতলবিশিষ্ট পুরোনো ভবনটি গত ১৯ জুন পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ অবস্থায় ওই প্রাথমিক বিদ্যালয়ের লাগোয়া দিদার মডেল হাইস্কুলে চলছে খুদে শিক্ষার্থীদের পাঠদান। উদ্ভূত পরিস্থিতিতে ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ সংকটে ভুগছে। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকেরা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে ওই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক (শিশু শ্রেণী) শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৬৪ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর পাঠদানের জন্য পুরোনো দ্বিতলবিশিষ্ট ছয় কক্ষের একটি ভবন ও নতুন ভবনের একটি কক্ষ রয়েছে। গত ১৯ জুন পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আশরাফুজ্জামান। একই সঙ্গে তিনি ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষসমূহে কোনো ধরনের পাঠদান কার্যক্রম পরিচালনা না করতে প্রধান শিক্ষকের কাছে চিঠি দেন। পরে ওই হাইস্কুলে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। প্রতিদিন পালা করে প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাস নিয়ে থাকেন। সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান হয়। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হয় হাইস্কুলের শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২১ আগস্ট বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়। ওই পরীক্ষা গত ৩১ আগস্ট শেষ হয়। সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত পরীক্ষার সময়সূচি নির্ধারণ থাকায় পরিত্যক্ত ভবনে পরীক্ষা নিতে হয়েছে। যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই প্রশ্নে একই সময়ে পরীক্ষা হয়ে থাকে, তাই উচ্চবিদ্যালয়ের সঙ্গে এবার সময়সূচি মেলেনি। এ অবস্থায় বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, ওই প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনটির নিচে কাদাপানি জমে আছে। এর ওপর কয়েকটি ইট বসানো হয়েছে। পরিত্যক্ত ওই ভবনে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। অন্যদিকে ভবনের দোতলার টিন উপড়ে গেছে। শিক্ষকদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই পুরো ভবন জলমগ্ন হয়ে পড়ে। নতুন করে ভবন নির্মাণ করা না হলে ওই সংকট আরও দীর্ঘায়িত হবে।
মুহাম্মদ আশরাফুজ্জামান জানান, ওই বিদ্যালয়ের জন্য দুটি নতুন ভবন চাওয়া হয়েছে। শিগগিরই একটি ভবনের অনুমোদন পাওয়া যাবে। জরাজীর্ণ হওয়ায় ওই ভবনে পাঠদান না করানোর জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।