সরকারি নীতিমালা লঙ্ঘন করেই মাধ্যমিক বিদ্যালয়ের একশ্রেণীর শিক্ষক বিএড প্রশিক্ষণের জন্য বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের দিকে ঝুঁকছেন। অনুসন্ধানে জানা গেছে, নগরের ২৫-৩০টি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক এসব প্রতিষ্ঠানের সনদ নিয়ে উন্নীত বেতন স্কেল, পদোন্নতির সুবিধা ভোগ করছেন। সরকারি মহাবিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও বিভিন্ন অনুশীলনে অংশগ্রহণের ঝামেলা এড়ানোসহ নানা কারণে তাঁরা বেসরকারি প্রতিষ্ঠানকে বেছে নিচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ে পাঠদান অথবা স্বীকৃত বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকে বিএড প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশিক্ষণ) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিধান অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় থেকেই প্রশিক্ষণ নিতে হবে। বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষক প্রশিক্ষণ নিলে তিনি বিএডের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।’জানা যায়, চট্টগ্রামে একটি মাত্র সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় রয়েছে নগরের বাকলিয়া এলাকায়। কিন্তু এখানে দিন দিন কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের হার কমে আসছে। সরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা এখানে প্রশিক্ষণ নিতে এলেও বেশির ভাগ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বাইরের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গেছে। কারণ, এখানে নিয়মিত উপস্থিতিসহ বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অপেক্ষাকৃত ঝামেলামুক্তভাবে বিএড সনদ পাওয়ার নিশ্চয়তা থাকায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বেছে নিচ্ছেন। এ ছাড়া কিছুসংখ্যক শিক্ষক প্রশিক্ষণের সময়ে প্রতিষ্ঠান থেকে কোনো ছুটি না পাওয়ায় এবং সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণকালীন ভাতা বন্ধ হয়ে যাওয়ায় এর প্রতি নিরুৎসাহিত হয়ে পড়েছেন। শিক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসেবে এসব বিষয়ের সঙ্গে একমত পোষণ করেন চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রূপেশ চন্দ্র চৌধুরী। তিনি বলেন, ‘১৯৮৫ সাল থেকে সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের উপস্থিতি কমতে শুরু করেছে। বেশির ভাগ শিক্ষার্থীই বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের দিকে ঝুঁকছেন।’ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে ৪০০ আসন রয়েছে। গত বুধবার পর্যন্ত মোট ২০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ১৩ জানুয়ারি পর্যন্ত ভর্তির সময় রয়েছে। অভিযোগ রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিএড প্রশিক্ষণ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একশ্রেণীর শিক্ষক বাড়তি সুবিধা ভোগ করছেন।এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি। বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিএড প্রশিক্ষণ নেওয়া কারও কাগজপত্র অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে না।’