মাধ্যমিক শিক্ষা প্রশাসনের ১৩ পদে বদলি

উপপরিচালক, সহকারী পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ মাধ্যমিক শিক্ষা প্রশাসনের ১৩টি পদে বদলি ও রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই বদলি করা হয়। এসব কর্মকর্তা মূলত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা জেলা শিক্ষা কর্মকর্তা। মাধ্যমিক শিক্ষা প্রশাসনে হঠাৎ একসঙ্গে এত কর্মকর্তার বদলি নিয়ে আলোচনা চলছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, এসব কর্মকর্তার অনেকেই একই পদে দীর্ঘদিন ধরে ছিলেন। এ কারণেই বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক এ কে এম মোস্তফা কামালকে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী পরিচালক (১) সাখায়েত হোসেন বিশ্বাসকে ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক করা হয়েছে। আর ঢাকা অঞ্চলের বর্তমান উপপরিচালক গৌর চন্দ্র মণ্ডলকে তেজগাঁওয়ের শহীদ মনু মিঞা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক করা হয়েছে। রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরীকে মাউশির উপপরিচালক, যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামকে অধিদপ্তরের সহকারী পরিচালক (১) করা হয়েছে।
বরিশাল অঞ্চলের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলামকে বরিশাল অঞ্চলের উপপরিচালক, রাজশাহী পিএন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তৌহিদ আরাকে রাজশাহী অঞ্চলের উপপরিচালক, রংপুর অঞ্চলের উপপরিচালক মোস্তাক হাবিবকে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলামকে ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক, ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. আখতারুজ্জামানকে রংপুর অঞ্চলের উপপরিচালক, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তারকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক এবং নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আবদুল খালেককে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।