মাধ্যমিক স্তরে ১৯৯৫ সালে প্রণীত সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ওই সিলেবাস ইতিমধ্যে উপযোগিতা হারিয়েছে। তাই শুরু হয়েছে নতুন সিলেবাস প্রণয়নের কাজ। এর মাধ্যমে মাধ্যমিক শিক্ষার্থীদের যুগোপযোগী, জীবনসম্পৃক্ত, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাসমৃদ্ধ শিক্ষা দেওয়া হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১০ সালের মধ্যে মাধ্যমিক স্তরে নতুন সিলেবাস প্রণয়ন শেষ করতে হবে। ওই সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক রচনার কাজ শেষ করে ২০১২ সালের মধ্যে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই পৌঁছাতে হবে।শিক্ষামন্ত্রী গতকাল শনিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ‘মাধ্যমিক শিক্ষাক্রম উন্নয়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এবং মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে পরিচালিত একটি প্রকল্প এর আয়োজন করে। নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষানীতি জাতির শিক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ দিকদর্শন এবং সিলেবাস হলো তার নির্যাস। জ্ঞান ও দক্ষতাসম্পন্ন পরিপূর্ণ মানুষ তৈরি করাই হবে এই সিলেবাসের লক্ষ্য।শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি, ছাত্রীদের উত্ত্যক্ত করা, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ, শারীরিক-মানসিক স্বাস্থ্য-সচেতনতা, বয়ঃসন্ধি, মানবাধিকার, তথ্য অধিকার, খেলাধুলাসহ বেশ কিছু বিষয় জাতির সামনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিয়েছে। এসব বিষয়কে কীভাবে কতটুকু সংযুক্ত করা যায় তা ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদের সভাপতিত্বে কর্মশালায় সাংসদ নাজমা আক্তার, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক শামসুর রহমান, এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষার সংশ্লিষ্ট প্রকল্পের (এসইএসডিপি) পরিচালক রতন কুমার রায়, এনসিটিবির পরিচালক (শিক্ষাক্রম) তাহেরা আক্তার জাহান, শিক্ষাক্রম বিশেষজ্ঞ উত্তম কুমার দাস প্রমুখ বক্তৃতা করেন।