সারা দেশের ২২ হাজার ৯০৯টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ছাত্র পরিষদ নির্বাচন। এর মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ভোটে আটজন প্রতিনিধি নির্বাচন করা হয়। তাদের সমন্বয়ে ছাত্র পরিষদ গঠিত হবে। এই পরিষদ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখাসহ বিভিন্ন কাজ করবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই নির্বাচন দেখতে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যান। এ সময় তিনি বলেন, এ নির্বাচনের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব, মূল্যবোধ ও চিন্তাচেতনা গড়ে উঠবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই নির্বাচন হয়। এতে ১ লাখ ৮৩ হাজার ২৭২টি পদের বিপরীতে ২ লাখ ৭১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ভোটার ছিল ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ জন। ২০১৫ সাল থেকে মাধ্যমিক স্তরে এই নির্বাচন হচ্ছে।