চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে প্রথম আলো। এতে সহযোগিতা করছে দেশের একমাত্র সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। আগামী ২০ আগস্ট থেকে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। গতকাল রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি সই করেছে টেলিটক ও প্রথম আলো। টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবর রহমান ও প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান এ চুক্তিতে সই করেন। দেশের সব কটি জেলায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা এতে অংশ নেবে। বিস্তারিত তথ্য প্রথম আলোতে ছাপা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ, টেলিটকের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. হাবিবুর রহমান, টেলিটকের ম্যানেজার মো শামসুজ্জোহা প্রমুখ।