মাধ্যমিকে দুপুরের খাবার
ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার বা টিফিনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তির সহায়তা নিয়ে একটি তহবিলের মাধ্যমে এই টিফিনের ব্যবস্থা করা হবে।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঝরে পড়া রোধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।তবে এ উদ্যোগ নিয়ে জটিলতা হতে পারে বলে মনে করছেন কোনো কোনো শিক্ষা গবেষক।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার একটি আদেশও জারি করেছে। এতে বলা হয়, এ উদ্যোগের আওতায় জেলা প্রশাসন মাঠপর্যায়ে কর্মরত শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, বিদ্যো ৎ সাহী ব্যক্তি, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সচ্ছল অভিভাবকদের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরের টিফিন সরবরাহের উদ্যোগ নেবে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিকটবর্তী তফসিলি ব্যাংকে একটি হিসাব খুলে তহবিল গঠন করবে, যা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিশ্চিত করবেন।আদেশে আরও বলা হয়, উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক স্থানীয়ভাবে উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে এ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিয়ে স্থানীয় জনগণকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করবেন। বর্তমানে প্রাথমিক পর্যায়ে এ রকম দুটি প্রকল্প রয়েছে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে এ ধরনের কর্মসূচি নেই।এদিকে এ উদ্যোগের ফলে কিছু জটিলতার সৃষ্টি হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিদ্দিকুর রহমান। বিবিসিকে তিনি বলেন, এতে টাকা সংগ্রহ করা কঠিন হবে ও পাঠদানও ব্যাহত হতে পারে।