মাধ্যমিকে নতুন পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ

২০১৭ সাল থেকে মাধ্যমিক (এসএসসি ও সমমান) পরীক্ষায় চালু হতে যাওয়া নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরের কয়েকটি বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এরপর তারা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জামালখান মোড় ঘুরে চেরাগীর মোড়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেয় নগরের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী। কর্মসূচি পালনের সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল, ‘মানি না, মানব না, সাতটি সৃজনশীল লিখব না’, ‘উই আর হিউম্যান, নট রোবট’, ‘ সেভেন সি কিউ (সৃজনশীল প্রশ্ন) ইজ টাফ, সিক্স ইজ এনাফ’, ‘নতুন পদ্ধতি বাতিল করো, পুরোনো পদ্ধতি বহাল করো’ ইত্যাদি। এরপর বিক্ষোভ মিছিলেও তারা নতুন পদ্ধতি বাতিলের দাবিতে নানা স্লোগান দেয়।
সৃজনশীলে ছয়টি প্রশ্নের পরিবর্তে সাতটি প্রশ্ন লেখা বাধ্যতামূলক করার বিরোধিতা প্রসঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সাদাত ইয়াকিন চৌধুরী প্রথম আলোকে বলে, বর্তমান পদ্ধতিতে দুই ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কঠিন হয়ে যায় অনেকের জন্য। সেখানে মাত্র ১০ মিনিট বাড়িয়ে আরেকটি সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে দেওয়া আমাদের ওপর জুলুম ছাড়া আর কিছুই নয়।
গত বছরের অক্টোবরে মাধ্যমিক পরীক্ষায় নতুন পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকে নানা সময়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে আসছে।