দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৯ শতাংশ মাদ্রাসায় পড়াশোনা করে, এদের মধ্যে মাত্র ২ দশমিক ২ শতাংশ নিবন্ধনহীন কওমি মাদ্রাসার শিক্ষার্থী। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি পাঁচ শিক্ষার্থীর একজন মাদ্রাসায় পড়াশোনা করে। তবে শিক্ষার্থী তুলনামূলক কম হলেও কওমি মাদ্রাসার উপস্থিতি বেশ সরব ও গুরুত্বপূর্ণ। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সম্ভব সবকিছু করা হবে। ইসলামি শিক্ষা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী বলেন, দেশের আলিয়া মাদ্রাসাগুলো মূলধারার শিক্ষার কাছাকাছি হলেও কওমি মাদ্রাসার সিলেবাস ও শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তিনি ইতিমধ্যে কওমি মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত নেতাদের সঙ্গে সভা করার কথা উল্লেখ করে বলেন, আলেম-ওলামারা কওমি শিক্ষাকে যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁদের সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ইত্যাদি সংযুক্ত করার প্রস্তাব করে মন্ত্রী বলেন, এটা হলে শিক্ষার্থীরা দেশের বড় আলেম-ওলামা হতে পারবে। আবার তারা সাধারণ শিক্ষিতদের মতো ডিসি-এসপি হতেও পারবে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আহসাবুর রহমান, বিশ্বব্যাংকের এ দেশীয় পরিচালক ইলেন গোল্ডস্টেইন, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের শিক্ষাবিষয়ক জ্যেষ্ঠ ব্যবস্থাপক অমিত ধর ও বিশ্বব্যাংকের শিক্ষা বিশেষজ্ঞ হেলেন জে ক্রেইগ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম নিয়াজ আসাদুল্লাহ।