মাধ্যমিকে বাংলার নম্বর পুনর্বণ্টন হচ্ছে
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে নম্বর পুনর্বন্টন করা হতে পারে। এখন এ তিনটি শ্রেণীতে বাংলায় ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এর পরিবর্তে ১৫০ নম্বর নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছে শিক্ষাক্রম সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটি। কমিটি বাংলায় গদ্য ও কবিতার সংখ্যা কমানোর সুপারিশ করেছে।শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাক্রম সংশোধনের লক্ষ্যে ২ মার্চ তিনটি কমিটি গঠন করেছিল। এ-সংক্রান্ত কমিটিগুলোর খসড়া প্রতিবেদন আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের কাছে জমা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষ বাংলা বইয়ে পরিবর্তনের পাশাপাশি নতুন দুটি বিষয় যুক্ত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ওই তিন শ্রেণী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে।বর্তমানে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্রে বিষয়বস্তু হিসেবে ১৮টি গদ্য ও ১৪টি কবিতা (পদ্য) আছে। সেখানে একই শ্রেণীর জন্য ১০টি গদ্য ও ১০টি পদ্য রাখার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সপ্তম শ্রেণীতে নয়টি গদ্য ও নয়টি কবিতা এবং ষষ্ঠ শ্রেণীতে আটটি গদ্য ও আটটি কবিতা রাখার সুপারিশ করা হয়েছে। বর্তমানে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে ১৬টি গদ্য ও ১৬টি কবিতা এবং ষষ্ঠ শ্রেণীতে ১৬টি গদ্য ও ১৩টি কবিতা রয়েছে।নতুন বিষয় হিসেবে চালু হতে যাওয়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নম্বর ধরা হয়েছে ১০০। এ বিষয়ের শিক্ষাক্রম তৈরির আহ্বায়ক মমতাজউদ্দিন পাটোয়ারি প্রথম আলোকে জানান, এ বিষয়ে ইতিহাস, পৌরনীতি, ভূগোল, অর্থনীতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় রাখা হয়েছে। সূত্রমতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৫০ নম্বর অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ের শিক্ষাক্রম তৈরি কমিটির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সুরাইয়া পারভীন প্রথম আলোকে বলেন, ষষ্ঠ শ্রেণী হওয়ায় এ বিষয়ে কম্পিউটার, ইন্টারনেট, মুঠোফোনসহ তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তিনি জানান, আপাতত (২০১২ সাল থেকে) ষষ্ঠ শ্রেণীতে এ বিষয় চালু করা হলেও পরে অন্যান্য শ্রেণীতেও তা চালুর কথা বলা হয়েছে।জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।