চরাঞ্চলে পর্যাপ্তসংখ্যক উচ্চবিদ্যালয় না থাকা , চরম দারিদ্র্যতা ও অভাব ,চরাঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
কুড়িগ্রাম জেলার ৪২০টি চরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করার পর ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী ঝরে পড়ছে। এসব চরে উচ্চবিদ্যালয় না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনুন্নত যোগাযোগব্যবস্থা ও দারিদ্র্যের কারণে শিক্ষার্থী ঝরে পড়ছে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ১৬টি নদ-নদী। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, সোনাভড়ি, হলহলিয়া, জিঞ্জিরাম ও ফুলকুমার। এসব নদ-নদীর মাঝে ৪২০টি চর আছে।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৪২০টি চরে ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র একটি। মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৮০০ জন। উচ্চবিদ্যালয় রয়েছে মাত্র ছয়টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গৃহীত কার্যক্রমের বাস্তবায়ন ও অগ্রগতির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেসব চরে শিক্ষাপ্রতিষ্ঠান নেই সেগুলো চিহ্নিত করা এবং যেসব চরে আছে সেগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।
প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও কুড়িগ্রামের যেসব চরে উচ্চবিদ্যালয় নেই, সেগুলো চিহ্নিত করার কাজ আজও শুরু হয়নি। এ কারণে উচ্চবিদ্যালয়ও করার উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করার পর শিক্ষার্থীরা উচ্চবিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না। কোনো কোনো চরে বিদ্যালয় থাকলেও দূরে হওয়ায় ছেলেরা যেতে পারলেও মেয়েরা যেতে পারে না। এ কারণে মেয়েশিক্ষার্থী ঝরে পড়ার হার বেশি। মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে। ছেলেরা কামলা দিচ্ছে। কেউ কেউ কাজ করতে জেলার বাইরে চলে যাচ্ছে।
সদর উপজেলার খেয়ার আলগার চরে গিয়ে কথা হয় হাফিজা খাতুনের সঙ্গে। সে খেয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। উচ্চবিদ্যালয় তার বাড়ি থেকে অনেক দূরে। সে বলে, ‘আমি পড়তে চাই। কিন্তু চরে উচ্চবিদ্যালয় না থাকায় পড়াশোনা করতে পারছি না। এখন মায়ের সঙ্গে সংসারের কাজ করে দিন কাটে।’
ঝুনকার চরে গিয়ে দেখা যায়, অনেক ছেলে বিদ্যালয়ে না গিয়ে মাঠে গরু চরাচ্ছে ও জমিতে কাজ করছে। মেয়েরা বাড়িতে কাজ করছে। কথা বলে জানা গেল, এরা সবাই ঝুনকার চর এবং খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
সদর উপজেলার খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ২০১৪ সালে তাঁদের বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা দিয়ে ৩৯ জন পাস করে। এদের মধ্যে ১৩ জন মেয়ে। এরা কেউই উচ্চবিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। আলগার চর থেকে আট কিলোমিটার দূরে যাত্রাপুর ও নারায়ণপুর চরে দুটি উচ্চবিদ্যালয় আছে। ছেলেদের মধ্যে দুই থেকে তিনজন উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েছে।
মাঝি আলির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শহীদুল ইসলামের বাড়ি ঝুনকার চরে। বর্তমানে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পঞ্চম শ্রেণি পাস করার পর সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে এক বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থেকে লেখাপড়া করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন কুমার চৌধুরী জানান, চরাঞ্চলে গত বছর শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল ১৬ দশমিক ২৩ শতাংশ।
কিন্তু সরেজমিনে শিক্ষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝরে পড়ার হার ৫০ শতাংশের বেশি। কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভব শংকর বর্মা বলেন, ‘আমি নতুন এসেছি। এখনো চরাঞ্চল সম্পর্কে বিস্তারিত জানা হয়নি। উচ্চবিদ্যালয় কম থাকলে সরকারি নির্দেশমতো কাজ হবে।’