মাধ্যমিকের আগেই বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহের কারণে জয়পুরহাট জেলায় বিপুলসংখ্যক শিক্ষার্থী মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। অভিভাবকদের সচেতনতার অভাব, ধর্মীয়, গোঁড়ামি, শিক্ষার অভাব, কুসংস্কার ও সামাজিক অস্থিরতায় স্কুলপড়ুয়া মেয়েরা পরিবারের চাপে বাল্যবিবাহের শিকার হচ্ছে। এদিকে বগুড়ার দুপচাঁচিয়ায়ও জেএসসি থেকে মাধ্যমিক পর্যায়ে আসতে আসতেই ২১ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জানা গেছে। এখানে শিক্ষার্থী ঝরে পড়ার পেছনে দারিদ্র্য, কম বয়সে মেয়েদের বিয়ে ও বিদ্যালয়ে সুষ্ঠু পাঠদান না হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় জেলার পাঁচটি উপজেলায় ১৩ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৬০১ এবং ছাত্রী ৫ হাজার ৮১৩ জন। ওই পরীক্ষায় ছাত্র পাস করে ৪ হাজার ৬৮৯ এবং ছাত্রী ৪ হাজার ৮৫২ জন।
২০১১ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে এদের মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে ৬ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। ছাত্র ৩ হাজার ৫১৬ এবং ছাত্রী ৩ হাজার ৩৮০ জন। জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে গত পাঁচ বছরে ১ হাজার ৪৭২ জন ছাত্রী ঝরে পড়ে। আর ঝরে পড়ার প্রধান কারণ বাল্যবিবাহ বলে জানান একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
জেলায় এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৪০২ জন। এদের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮১ এবং ছাত্রী ১ হাজার ২১ জন। আর কারিগরি (ভোকেশনাল) শাখায় ১ হাজার ১৫৫ জন। ছাত্র ৮৬৬ এবং ছাত্রী ২৮৯ জন।
ক্ষেতলাল উপজেলার জিয়াপুর উচ্চবিদ্যালয়ে ২০১১ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ৫৮ জন ছাত্রী। তাদের ২০১৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু এবার ওই বিদ্যালয় থেকে মাত্র ১৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, বাল্যবিবাহের কারণে ৪৪ জন ছাত্রী ঝরে পড়েছে।
জয়পুরহাট শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ছিল ২১ জন ছাত্রী। এবার দাখিল পরীক্ষা দিচ্ছে ৯ জন। ১২ জন ছাত্রী ঝরে পড়েছে।
সদর উপজেলার ভাদসা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ছিল ৭৮ জন, সেখানে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৫৬ জন। বাকি ২২ জন ছাত্রী ঝরে পড়েছে।
জয়পুরহাট সদর উপজেলার চাঁদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, তাঁর বিদ্যালয় থেকে ৯ জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই ঝরে পড়েছে। তিনি আরও বলেন, এক-দেড় মাস আগে তাঁর বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মেধাবী দুই ছাত্রীর বিয়ে হয়ে গেছে। গোপনে এ বিয়ে দুটি হওয়ায় তিনি কিছুই করতে পারেননি।
জয়পুরহাট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, মূলত অভিভাবকদের অসচেতনতায় জেলায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে না। অনেক সময় স্থানীয় চেয়ারম্যানকে বলেও কাজ হয় না।
এদিকে দুপচাঁচিয়া মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবার যারা এসএসসি পরীক্ষা দেবে, তারা ২০১৩ সালে জেএসসি পরীক্ষা দিয়েছিল। তখন জেএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে মেয়েদের সংখ্যা ছিল ৭৩১ এবং ছেলে ৮৬৫ জন। কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে ১ হাজার ৩০৪ জন। এদের মধ্যে মেয়ে ৫৬৩ এবং ছেলে ৭৪১ জন। এ উপজেলায় ৩৬টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
বিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা চোখে পড়ার মতো। কিন্তু নবম ও দশম শ্রেণিতে শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক কম। টিফিনের আগ পর্যন্ত শ্রেণিপাঠ ভালোভাবে চলে। তবে টিফিনের পর শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমে আসে।
১০-১২ জন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, কোচিংয়ের দাপটে দুপুরের পর শিক্ষার্থীদের শ্রেণিতে ধরে রাখা যায় না। তাঁরা আরও বলেন, কোচিংয়ের বিরুদ্ধে সরকার আইন করলেও স্থানীয় প্রশাসন উদাসীন।
উপজেলার তালোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম বলেন, ‘জেএসসি পরীক্ষায় পাসের পর মেয়েদের বিদ্যালয়ে রাখা কঠিন হয়ে পড়ে। মেয়েরা একটু বড় হলে কম শিক্ষিত অভিভাবকেরা বিয়ে দিয়ে দেন। তারপরও আমরা অনুপস্থিত মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে মেয়েদের স্কুলমুখী করি।’
আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, মফস্বলের অভিভাবকেরা একটু বড় হলেই মেয়েদের ঘরে রাখা বিপদ মনে করেন। তাই মেয়েদের বিয়ে দেওয়ার চিন্তা করেন।
দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির সভাপতি আবদুল মজিদ বলেন, ‘আজকাল ছেলেদের চেয়ে মেয়েরা লেখাপড়ায় ভালো করছে। কিন্তু কম শিক্ষিত অভিভাবকেরা ভালো পাত্র পেলেই মেয়েদের বিয়ে দেওয়ার চিন্তা করেন।’ তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো পড়াশোনা না থাকায় কোচিংয়ের দিকে ঝুঁকছে শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, ‘সরকার বিনা মূল্যে পাঠ্যপুস্তক দিলেও স্কুলের শিক্ষকেরা প্রকাশকের সঙ্গে আর্থিক লেনদেন করে শিক্ষার্থীদের ওপর বইয়ের বোঝা চাপিয়ে দিচ্ছেন। চাপিয়ে দেওয়া এসব বইয়ের দামও অনেক। এতে গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা লাটে উঠেছে।’