হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁদের চারজনই মাধ্যমিকের গণ্ডি পার হননি। একজন সর্বোচ্চ এইচএসসি পাস।
জেলার বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী থেকে এইচএসসি পাস। প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে বাহুবল ও মাধবপুরে কাল বুধবার এবং চুনারুঘাটে ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।
বাহুবলে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির চৌধুরী এইচএসসি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. আবদুল হাই দশম শ্রেণী, বিএনপির সভাপতি আকাদ্দস মিয়া এসএসসি, স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম দশম শ্রেণী পাস ও সৈয়দ খলিলুর রহমান স্বশিক্ষিত। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আটজনের মধ্যে সোহেল আহমদ ও আইয়ুব খান এইচএসসি; শশাঙ্ক রঞ্জন দাস, সিহাব উদ্দিন, এ টি এম তানিম ও তারা মিয়া এসএসসি, ফিরোজ মিয়া অষ্টম ও ইয়াকুত মিয়া পঞ্চম শ্রেণী পাস। নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন এসএসসি ও নাদিরা খাতুন এইচএসসি পাস।
মাধবপুরে তিন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ও বিএনপি-সমর্থিত এফ এম শাহজাহান বিএ এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শাহ হাবিব উল্লাহ এমএ পাস। ভাইস চেয়ারম্যান পদে চারজনের মধ্যে আবদুল আওয়াল শাহ এমএ, আবদুল আজিজ এসএসসি, শ্রীধাম অষ্টম শ্রেণী পাস ও আর্সিব আলী স্বশিক্ষিত। নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহানারা বেগম এমএসএস, সুফিয়া আক্তার এমএ, ফাতেমা-তো-জহুরা বিএ, তানিয়া আক্তার এসএসসি পাস ও হুসনে আরা বেগম স্বশিক্ষিত।
চুনারুঘাটে চেয়ারম্যান পদে তিনজনের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত আবু তাহের বিএ, বিএনপি-সমর্থিত সৈয়দ লিয়াকত হোসেন এইচএসসি ও স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন এসএসসি পাস। ভাইস চেয়ারম্যান পদে চারজনের মধ্যে কাজী মো. আবদুল খালেক বিএ, মশিউর রহমান এইচএসসি, স্বপন সাঁওতাল এসএসসি পাস ও মো. লুৎফর রহমান স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সাফিয়া আক্তার এইচএসসি, আবিদা খাতুন নবম শ্রেণী পাস ও সুফিয়া মজুমদার স্বশিক্ষিত।