মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই থেমে যাবে ওরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একমাত্র উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ। বোর্ড কর্তৃক শিক্ষার্থী ভর্তির কোটা নির্ধারিত থাকায় এবার এ কলেজে ভর্তির জন্য আবেদনকারী ২৫২ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে না।এসএসসি পাসের পর এসব শিক্ষার্থীর ঝড়ে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা। গোটা উপজেলায় একটিমাত্র কলেজ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন তাঁরা।তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ সূত্রে জানা যায়, কলেজটিতে এবার মানবিক শাখায় ৪০০, ব্যবসায় শিক্ষা শাখায় ১৫০, বিজ্ঞান শাখায় ৫০, কারিগরি বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় ৬০ জনসহ মোট ৬৬০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ঢাকা বোর্ড কর্তৃপক্ষ। ভর্তি ফরম জমা দেওয়ার শেষ দিন এ কলেজে মানবিকে ৫১৮, ব্যবসায় শিক্ষায় ১৫৪, বিজ্ঞানে ১৪ জন, কারিগরি বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শাখায় ১৫৪ জনসহ মোট ৮৭৬ জন শিক্ষার্থী ভর্তি ফরম জমা দিয়েছে।তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী খান জানান, এমনিতেই শিক্ষার দিক দিয়ে তাড়াইল উপজেলা পিছিয়ে রয়েছে। এখানে একটিমাত্র কলেজ থাকায় এবার অনেক শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে ভর্তি হতে পারবে না। ফলে মাধ্যমিক শিক্ষা শেষেই তারা ঝড়ে পড়বে।এদিকে ঢাকা বোর্ডের অধীনে এ কলেজের সব কটি শাখায় ৬০০ শিক্ষার্থী ভর্তির কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় মাত্র ১৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। এতে কলেজটিতে ৬০০ শিক্ষার্থীর স্থলে ৫৬৪ জন, কারিগরি বোর্ডের ৬০ জনসহ মোট ৬২৪ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তাই ভর্তির জন্য আবেদনকারী অতিরিক্ত ২৫২ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চত হয়ে পড়েছে। জিপিএ পাওয়ার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি ১০ জুন থেকে শুরু হওয়ার কথা।রাউতি গ্রামের বাসিন্দা অভিভাবক শহর আলী বলেন, ‘আমি গরিব মানুষ। ছেলেটা এবার মেট্রিক পাস করেছে। তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজে ভর্তি না হতে পারলে তাকে আর লেখাপড়া করাতে পারব না।’ শুধু তিনিই নন, এ ধরনের কথা বলেছেন আরও কয়েকজন অভিভাবক।কলেজের প্রভাষক রফিকুল ইসলাম জানান, তাড়াইলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের পাঁচ-ছয়টি উপজেলার শিক্ষার্থীরা এ কলেজে লেখাপড়া করতে আসে বিধায় এখানে ভর্তির চাপ অনেক বেশি। কিন্তু ভর্তির জন্য আবেদনকারী অনেক শিক্ষার্থী এবার এখানে ভর্তির সুযোগ পাবে না।তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এ টি এম মোস্তফা বলেন, ‘আমার কলেজ থেকে ভর্তি ফরম নিয়ে এবার অনেকেই এখানে ভর্তি হতে পারছে না।’ বাদ পড়া শিক্ষার্থীদের কী হবে, জানতে চাইলে অধ্যক্ষ জানান, ঢাকা বোর্ডের অধীনে এ কলেজে আসনসংখ্যা বাড়ানোর জন্য কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির (স্থানীয় সাংসদ) সুপারিশসহ বৃহস্পতিবার ঢাকা বোর্ডে আবেদন করা হয়েছে।