মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি তিন মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনে পাঁচ মেয়র পদপ্রার্থীর মধ্যে তিনজনই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। পাঁচ প্রার্থীই ব্যবসায়ী। তিনজনের বিরুদ্ধে মামলা ছিল। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী তিনটি করে মামলায় খালাসপ্রাপ্ত।
মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে প্রার্থীদের দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামা ঘেঁটে আরও দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মো. ইসমাইল খোকন নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি পেশায় ঠিকাদার। ঠিকাদারি থেকে তাঁর বার্ষিক আয় ১৩ লাখ ৫০ হাজার ৮১৭ টাকা। অন্য ব্যবসা থেকে আয় হয় ১ লাখ ৬২ হাজার ৬৯৮ টাকা। বাড়িভাড়া পান ৩১ হাজার টাকা। তাঁর একটি শটগান ও একটি রিভলবার আছে। এ ছাড়া গাড়ি আছে ২৮ লাখ টাকা দামের। ব্যবসায় বিনিয়োগ করেছেন প্রায় ৯০ লাখ টাকা। নগদ আছে ১৪ লাখ ১২ হাজার ৬৯৫ টাকা। স্ত্রী ও নির্ভরশীলদের নামে রয়েছে নির্মাণাধীন পাঁচতলা বাড়ি, দুটি আধা পাকা বাড়ি। নিজের ও স্ত্রীর নামে আছে দেড় একর কৃষি-অকৃষি জমি। অবশ্য তাঁর ৮১ লাখ ৯৫ হাজার ৩৭৯ টাকা ব্যাংকঋণ রয়েছে। জেলা পরিষদ থেকে ইজারা নেওয়া তিন লাখ টাকা দামের একটি দোকানও আছে। তাঁর বিরুদ্ধে থাকা তিনটি মামলাতেই অব্যাহতি পেয়েছেন।
বিএনপির প্রার্থী এ বি এম জিলানী এইচএসসি পাস। পেশায় ব্যবসায়ী। বার্ষিক আয় ১৩ লাখ ৮৬ হাজার ৫০ টাকা। নির্ভরশীলদের আয় সাড়ে সাত লাখ টাকা। একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাক আছে। নিজের, স্ত্রী ও নির্ভরশীলদের নামে ব্যবসায় পুঁজি বিনিয়োগ ২ কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকা। নিজ নামে তিনটি ভবন ও তাঁর স্ত্রীর নামে একটি ভবন আছে। কৃষিজমি আছে নিজ নামে পাঁচ একর। অবশ্য ব্যাংকঋণ আছে পাঁচ কোটি টাকা। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা ছিল। সব কটি মামলাতেই অব্যাহতি পেয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী আবদুল ওয়াদুদ মৃদ্যা নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পেশা ব্যবসা। বার্ষিক আয় ২ লাখ ৩০ হাজার টাকা। একটি মামলার আসামি ছিলেন। পরে তিনি ওই মামলায় খালাস পান।
ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী জাকির হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা। আর স্বতন্ত্র প্রার্থী মাইনুল ইসলাম এইচএসসি পাস। তাঁর পেশা ব্যবসা। বার্ষিক আয় ২ লাখ ১০ হাজার টাকা। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হাসেম বলেন, ‘মেয়র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার চিত্র দেখেশুনে হতাশ হয়েছি। তিন প্রার্থীই মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারার বিষয়টি দুঃখজনক। পৌরবাসীর উন্নয়নের জন্য শিক্ষিত মেয়রের বিকল্প নেই।’