চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের ৪২ জনই (৭৪%) মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
পৌরসভার ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। চারটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে আছেন ১৪ জন নারী।
দেখা গেছে, ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তিন মহিলা প্রার্থীর মধ্যে সুরাইয়া অষ্টম শ্রেণি, কাজলী রানী সরকার ও শাহান আরা বেগম এসএসসি পাস। ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তিনজন প্রার্থীর মধ্যে সাহিদা বেগম স্বশিক্ষিত, আমেনা বেগম ও জেসমিন আক্তার অষ্টম শ্রেণি পাস। ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে জেসমিন আক্তার ও সাবিনা ইয়াছমিন স্বশিক্ষিত, জোহরা বেগম অক্ষরজ্ঞানসম্পন্ন ও রোকেয়া বেগম স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ১০, ১১ ও ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে জাহানারা বেগম ও রেজিয়া বেগম অষ্টম শ্রেণি, তাছলিমা বেগম ও বিবি হাওয়া এসএসসি পাস।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে আমির হোসেন মজুমদার, হোসেন মো. জামান ও কাজী মামুনুর রশিদ অষ্টম শ্রেণি, আনোয়ার হোসেন ও আবু তাজের ভূঁইয়া এসএসসি ও মো. হাবিবুর রহমান এইচএসসি পাস। ২ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে মো. নান্নু মিয়া ও আলাউদ্দিন মুন্সী অষ্টম শ্রেণি ও সাখাওয়াত হোসেন বিএসএস পাস। ৩ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর মধ্যে রায়হানুর রহমান স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, মহসিন ফারুক অষ্টম শ্রেণি পাস।
৪ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে মো. হেদায়েত উল্যা মজুমদার অষ্টম শ্রেণি, মো. তাজুল ইসলাম এসএসসি ও মো. জাহিদুল আজহার এইচএসসি পাস। ৫ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর মধ্যে আবদুল মোতালেব মজুমদার অষ্টম শ্রেণি ও রিটনচন্দ্র সাহা এইচএসসি পাস। ৬ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে জাকির হোসেন অক্ষরজ্ঞানসম্পন্ন, আবু বকর সিদ্দিক স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, মো. শাহআলম অষ্টম শ্রেণি ও মাহবুবুর রহমান মিলন স্নাতক পাস। ৭ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থীর মধ্যে আবুল খায়ের মৃধা স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও এমরান হোসেন মুন্সী অষ্টম শ্রেণি পাস। ৮ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে মুরাদ হোসেন ওরফে মিরন কাজী ও হানিফ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, আবুল কাসেম অষ্টম শ্রেণি পাস।
৯ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে শাহাদাত হোসেন বাবুল ও মোস্তফা কামাল স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, মো. হেলু মিয়া স্বশিক্ষিত, মো. আজাদ হোসেন অষ্টম শ্রেণি, সালেহ আহম্মেদ এসএসসি পাস। ১০ নম্বর ওয়ার্ডে ছয় প্রার্থীর মধ্যে ছৈয়দ আলী আজ্জম, মো. বিল্লাল হোসেন ও শাহাদাত স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, আবদুল অদুদ ও মো. মানিক অষ্টম শ্রেণি, মো. খোরশেদ আলম ভুট্টো এইচএসসি পাস।
১১ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে মো. শুকু মিয়া স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, মো. মঞ্জুর হোসেন চতুর্থ শ্রেণি, মো. আকবর হোসেন অষ্টম শ্রেণি ও মুন্সি মোহাম্মদ মনির এইচএসসি পাস। ১২ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর মধ্যে মো. মফিজুর রহমান স্বশিক্ষিত, মো. সেলিম স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও নুরুল ইসলাম বেপারী অষ্টম শ্রেণি পাস।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, ‘প্রার্থীদের হলফনামা এখনো দেখা হয়নি। আপনার কাছ থেকে যে তথ্য জানলাম, এটি আমাদের সমাজব্যবস্থার দৈন্য প্রকাশ করে।’