মাধ্যমিকের গণ্ডি পেরোননি ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৩৯ কাউন্সিলর প্রার্থীর নয়জনই স্বশিক্ষিত অথবা অক্ষরজ্ঞানসম্পন্ন। এ ছাড়া ১৯ জন অষ্টম ও দুজন পঞ্চম শ্রেণি পাস। আর মাত্র দুজন আছেন স্নাতক, চারজন উচ্চমাধ্যমিক ও তিনজন মাধ্যমিক পাস। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা থেকে জানা গেছে, কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের তিনজনের মধ্যে বাবুল ইসলাম স্বশিক্ষিত ও মাসুদ রানা অষ্টম শ্রেণি পাস হলেও বর্তমান কাউন্সিলর রফিকুল ইসলাম প্রধান মাধ্যমিক পাস।
২ নম্বর ওয়ার্ডের চারজনের মধ্যে বর্তমান কাউন্সিলর আবেদ আলী স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। আবু বক্কর সিদ্দিক প্রধান ও রবিউল ইসলাম অষ্টম শ্রেণি পাস। ইয়াকুর আলীর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই। ৩ নম্বর ওয়ার্ডের তিনজনের মধ্যে বর্তমান কাউন্সিলর জামিরুল ইসলাম স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। শফিকুল ইসলাম স্বশিক্ষিত। আর আছির উদ্দিন খান অষ্টম শ্রেণি পাস।
৪ নম্বর ওয়ার্ডের চারজনের মধ্যে মিজানুর রহমান উচ্চমাধ্যমিক পাস; তবিবর রহমানের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই। তবে মজিদুল ইসলাম ও বর্তমান কাউন্সিলর শাহীনুর আরেফিন অষ্টম শ্রেণি পাস।
৫ নম্বর ওয়ার্ডের তিনজনের মধ্যে হুমায়ুন কবির ঢালী স্বশিক্ষিত। সফিজুল ইসলাম ও বর্তমান কাউন্সিলর আসাদুজ্জামান অষ্টম শ্রেণি পাস।
৬ নম্বর ওয়ার্ডের চারজনের মধ্যে বর্তমান কাউন্সিলর আজিজুল ইসলাম স্নাতক (বিএ) পাস। আবুল কাশেম, আবুল হোসেন প্রধান ও ফরিদুল ইসলাম অষ্টম শ্রেণি পাস।
৭ নম্বর ওয়ার্ডের চারজনের মধ্যে ফরহাদ হোসেন স্নাতক (বিএসএস)। তা ছাড়া রবিউল ইসলাম ও বর্তমান কাউন্সিল মমিনুর রহমান অষ্টম শ্রেণি এবং নুর ইসলাম পঞ্চম শ্রেণি পাস।
৮ নম্বর ওয়ার্ডের চারজনের মধ্যে মারুফ ইকবাল উচ্চমাধ্যমিক পাস। নজরুল ইসলাম পঞ্চম শ্রেণি ও বর্তমান কাউন্সিল রবিউল ইসলাম অষ্টম পাস।
৯ নম্বর ওয়ার্ডের তিনজনের মধ্যে বর্তমান একমাত্র মহিলা কাউন্সিলর ছাহেরা আখতার স্বশিক্ষিত। হাবিবুর রহমান মাধ্যমিক পাস ও জাকির হোসেন অষ্টম শ্রেণি পাস।
তবে সংরক্ষিত কাউন্সিলরের আটজনের মধ্যে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন একজন ও চারজন অষ্টম শ্রেণি পাস। একজন মাধ্যমিক ও দুজন উচ্চমাধ্যমিক পাস। পৌরসভার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের শামীমা আকতার উচ্চমাধ্যমিক এবং নাজমা বেগম ও ফুলমতি দাস অষ্টম শ্রেণি পাস।
২ নম্বর সংরক্ষিত আসনে ফাতেমা বেগম অষ্টম শ্রেণি ও কাকলী রানী দাস উচ্চমাধ্যমিক এবং বর্তমান কাউন্সিলর রেহেনা ইয়াসমিন মাধ্যমিক পাস।
৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ারা করিম স্বাক্ষরজ্ঞানসম্পন্ন এবং সফিনা বেগম অষ্টম শ্রেণি পাস।
জানতে চাইলে হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আহম্মেদ বলেন, দেশে জাতীয়
পর্যায়ে কিছু কাজ হতো। তা এই জনপ্রতিনিধিরাই করতেন। এখন তা দলীয় হয়ে গেছে। এমনকি এই পৌর কাউন্সিলর পদও তাই। ফলে
উচ্চশিক্ষিত ব্যক্তিরা এসব পদে আর আসতে চাইছেন না।
পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। আইনি সমস্যা না থাকলে যে কেউ আবেদন করলে তাঁর প্রার্থিতা বৈধ বিবেচিত হয়। সচেতন ভোটাররা এসব প্রার্থীর মধ্য থেকে তাঁদের পছন্দের প্রতিনিধি বেছে নেবেন।