মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি ৪৯ শতাংশ কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তিনটি পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৭৫ প্রার্থীর মধ্যে ৩৭ জনই মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি।
সাধারণ কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশের পেশা ব্যবসা। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
পেশা: তিন পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ৫০ জনই মৎস্য, ঠিকাদারিসহ অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত।
বাকি ছয়জন তাঁদের পেশার বিষয়ে কিছু উল্লেখ করেননি। ওই তিন পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১২ জন সংসার সামলানোর পাশাপাশি আয়ের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত। বাকি সাতজন শুধুই সংসার সামলাচ্ছেন।
শিক্ষা: সদর পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ২১ জন প্রার্থীর মধ্যে চারজন স্বশিক্ষিত, চারজন অষ্টম শ্রেণি, ছয়জন এসএসসি, তিনজন এইচএসসি, তিনজন বিএ পাস ও একজন এমএ পাস।
দৌলতখান পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ২৩ জন প্রার্থীর মধ্যে নয়জন স্বশিক্ষিত, পাঁচজন অষ্টম শ্রেণি, চারজন এসএসসি, তিনজন এইচএসসি এবং একজন করে এমএ ও বিএসসি পাস।
বোরহানউদ্দিন পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৩১ জন প্রার্থীর মধ্যে নয়জন স্বশিক্ষিত, একজন পঞ্চম শ্রেণি, পাঁচজন অষ্টম শ্রেণি, পাঁচজন এসএসসি, ছয়জন এইচএসসি ও পাঁচজন বিএ পাস।
জনপ্রতিনিধি অল্প শিক্ষিত হলে নাগরিকদের সেবা ব্যাহত হবে কি না, এ ব্যাপারে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুব আলম ওরফে নিরব মোল্লা গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অল্প শিক্ষিত ও অশিক্ষিত লোক যদি নির্বাচিত হন, তাহলে আইন প্রয়োগ ও সংস্কৃতির বিকাশে নেতিবাচক প্রভাব পড়বে।