পাবনার বেড়ায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তাদের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা ভালো করছে। শিক্ষকদের মতে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানের বিষয়গুলো ঠিকভাবে না পড়ানোয় এর প্রভাব উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়ছে।
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বেড়া কলেজে এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ২৭ ভাগ। জিপিএ-৫ পাননি একজনও। অথচ ওই কলেজে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার যথাক্রমে ৮৪ ও ৭৮ ভাগ। বেড়া মনজুর কাদের মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৪ শতাংশ হলেও কেউ জিপিএ-৫ পাননি। আর ব্যবসায় শিক্ষা শাখায় শতভাগ পাস করেছেন ও একজন জিপিএ-৫ পেয়েছেন। আর মানবিক বিভাগে পাসের হার ৮৪ শতাংশ আর জিপিএ-৫ একটি।
একই অবস্থা উপজেলার কাশীনাথপুর মহিলা কলেজ ও নাকালিয়া মনজুর কাদের কলেজের। তবে আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানের শিক্ষার্থীরা কয়েক বছরের মধ্যে এবার মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের তুলনায় ভালো করেছেন।
আটজন শিক্ষক বলেন, চার থেকে পাঁচ বছর ধরে উপজেলায় এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হতাশাজনক ফলাফল করছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটা বড় অংশ এইচএসসিতে জিপিএ-৫ পাচ্ছে না। এ কারণে কয়েক বছর ধরে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমছে। একসময় ভালো শিক্ষার্থীদের প্রায় সবাই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। অথচ এখন ভালো শিক্ষার্থীদের একটা বড় অংশ মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখায় চলে যাচ্ছে।
কলেজ পর্যায়ের বিজ্ঞান শিক্ষকেরা বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো পড়তে যথাযথভাবে সহায়তা পাচ্ছে না। এর ফলেই বিজ্ঞান শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারায় খারাপ ফল করছে।
মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞানের শিক্ষার্থীদের চেয়ে অনেক ভালো করছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার পেছনে মাধ্যমিক পর্যায়ে দুর্বলতা অনেকটাই দায়ী বলে আমার কাছে মনে হয়।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৩টি। সরেজমিনে দেখা গেছে, এসব বিদ্যালয়ের বেশির ভাগেই মানসম্মত বিজ্ঞানাগার নেই। আর যেসব বিদ্যালয়ে আছে তাতে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। যেসব বিদ্যালয়ে সামান্য যন্ত্রপাতি ছিল তা-ও রক্ষণাবেক্ষণের দুর্বলতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, বিজ্ঞানের বিষয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হয় না। সারা বছর তালাবদ্ধ থাকে গবেষণাগার। এ ছাড়া শিক্ষকদের অসহযোগিতার কারণেও নানা সমস্যায় পড়তে হয়।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু আদর্শ উচ্চবিদ্যালয়ে আজও বিজ্ঞানাগার গড়ে ওঠেনি। অথচ এ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ১০০ জন ও দশম শ্রেণিতে ৮৫ জন শিক্ষার্থী বিজ্ঞান শাখায় পড়ালেখা করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হোসেন বলেন, আর্থিক অনটন থাকায় বিজ্ঞানাগার গড়ে তোলা সম্ভব হয়নি। বিজ্ঞানে ভালো করার জন্য ব্যবহারিক ক্লাসের বিকল্প নেই। কিন্তু সরকারি অনুদান ছাড়া আপাতত বিজ্ঞানাগার গড়ে তোলা সম্ভব নয়।
১৯০৬ প্রতিষ্ঠিত বেড়া উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানাগার থাকলেও তার অবস্থা অত্যন্ত করুণ। প্রধান শিক্ষক আলী আশরাফ বলেন, ‘অর্থাভাবে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছে না। এ জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষাদান ব্যাহত হলেও আমরা তেমন কিছু করতে পারছি না।’
বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ব্যবহারিক পাঠ ছাড়া বিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণভাবে জানা সম্ভব নয়। এ জন্য প্রতিটি বিদ্যালয়ে মানসম্মত বিজ্ঞানাগার গঠনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের বিজ্ঞান শিক্ষার ব্যাপারে যত্নবান হতে তাগিদ দেওয়া হচ্ছে।