মাধ্যমিকের নতুন পদ্ধতি বাতিলের দাবি মহিউদ্দিন চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায় চালু হতে যাওয়া নতুন পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে তিনি এ দাবি জানান। ছবি: সৌরভ দাশ
২০১৭ সালে মাধ্যমিক পরীক্ষায় চালু হতে যাওয়া নতুন পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে তিনি এ দাবি জানান। ছবি: সৌরভ দাশ

২০১৭ সালে মাধ্যমিক (এসএসসি ও সমমানের) পরীক্ষায় চালু হতে যাওয়া নতুন পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র এ দাবি জানান।

‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের স্কুলসমূহ’—এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা একপর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশে অবস্থান নেয়।

আজকের মানববন্ধনে চট্টগ্রাম নগরের কলেজিয়েট স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়, রহমানিয়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের হাতে থাকা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করো, পুরোনো পরীক্ষা পদ্ধতি বহাল রাখো’, ‘মানি না মানব না, ‘সাতটা সৃজনশীল লিখব না’। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী।

শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সন্তানদের মেধা আছে। তা কাজে লাগানোর জন্য সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। কিন্তু অযাচিতভাবে ছয়টি সৃজনশীল প্রশ্নের জায়গায় আরও একটি প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে। এখন স্বল্প সময়ের মধ্যে একজন শিক্ষার্থীর পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। ফলে সে পরীক্ষার ক্ষেত্রে কম নম্বর পাবে। পরীক্ষায় কম নম্বর পাওয়া গৌরবের কথা নয়।’ তিনি আরও বলেন, ‘সৃজনশীল পদ্ধতিকে আমরা স্বাগত জানাই। কিন্তু ছয়টির পরিবর্তে আরও একটি প্রশ্ন বাড়িয়ে দেওয়ার বিষয়টি ন্যায়সংগত হয়নি। এটি জুলুম ছাড়া কিছুই নয়। তাই অভিভাবক হিসেবে আমাদের দাবি থাকবে, সরকার অবিলম্বে এই ভুল সিদ্ধান্ত পরিহার করবে।’

কর্মসূচিতে অংশ নেওয়া আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও নাজিফা আনজুম এবং রহমানিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র মো. ইরফান মোল্লা প্রথম আলোকে বলে, বর্তমান পদ্ধতিতে দুই ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কঠিন হয়ে যায়। মাত্র ১০ মিনিট বাড়িয়ে আরও একটি সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই অল্প সময়ের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর লেখা শিক্ষার্থীদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তাই তারা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।

ছাত্রলীগের ব্যানারে কর্মসূচি আয়োজনের প্রসঙ্গে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু এভাবে আন্দোলনের সফলতা আসবে না এবং ধারাবাহিকতাও থাকবে না। তাই ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে। গত বছরের ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।