ডিসেম্বর মাস শেষ হতে চললেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ২০১৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য বিনা মূল্যে বরাদ্দকৃত বই শত ভাগ পৌঁছেনি। এই অঞ্চলের সাত জেলায় মাধ্যমিক শ্রেণীর মাত্র ৪২ শতাংশ বই পাওয়া গেছে।১৭ ডিসেম্বর পর্যন্ত মাউশি চট্টগ্রাম আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ের হালনাগাদ হিসাব থেকে এ তথ্য পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, গত নভেম্বর মাস থেকে বই পাঠানো শুরু হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের সাতটি জেলা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী ও ফেনী। এ সাত জেলায় মোট বইয়ের বরাদ্দ রয়েছে এক কোটি ২৪ লাখ ৫০ হাজার ২৫৮টি। কিন্তু এ পর্যন্ত বই পাওয়া গেছে মাত্র ৫২ লাখ ১১ হাজার ৫৩৫টি। ঘাটতি রয়েছে ৭২ লাখ ৩৮ হাজার ৭২৩টি বই। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আগামী দু-তিন দিনের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের সাত জেলায় শত ভাগ বই এসে পৌঁছবে বলে আশা করছি। এতে আগামী ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে সব জেলা ও উপজেলার বিদ্যালয়গুলোতে বই বিতরণ করা সম্ভব হবে।’ মাউশি চট্টগ্রাম আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ের হিসাব অনুযায়ী, চট্টগ্রাম জেলার জন্য বরাদ্দ ৬২ লাখ ৪৯ হাজার ৫৭৫। পাওয়া গেছে ২৮ লাখ ৬৭ হাজার ১১৪টি। কক্সবাজার জেলার জন্য ১১ লাখ ৯২ হাজার ২১২টি বইয়ের মধ্যে পাওয়া গেছে তিন লাখ ১৫ হাজার ৪৩৪টি। রাঙামাটি জেলার জন্য বরাদ্দ ছয় লাখ ২১ হাজার ৪৪৮টি বইয়ের মধ্যে পাওয়া গেছে মাত্র ৮১ হাজার ৩২৫টি। খাগড়াছড়ি জেলার জন্য পাঁচ লাখ ৭৮ হাজার ৬৬১টি বইয়ের মধ্যে পাওয়া গেছে এক লাখ পাঁচ হাজার ৬০২টি। বান্দরবান জেলার জন্য বরাদ্দ তিন লাখ ১১ হাজার ৩৫৪টি বইয়ের মধ্যে পাওয়া গেছে এক লাখ ৩৮ হাজার ৭৬৫টি। নোয়াখালী জেলার জন্য বরাদ্দ ২৩ লাখ পাঁচ হাজার ৭১৫টির মধ্যে পাওয়া গেছে ১০ লাখ ৪৪ হাজার ৩০৩টি। ফেনী জেলায় ১১ লাখ ৯১ হাজার ২৯৩টি বইয়ের মধ্যে ছয় লাখ ৫৮ হাজার ৯৯২টি বই পাওয়া গিয়েছে।চট্টগ্রাম অঞ্চলের সাতটি জেলার মধ্যে সবচেয়ে কম বই পৌঁছেছে রাঙামাটি জেলায়। এখানে মাত্র ১৩ শতাংশ বই পাওয়া গেছে।