মাধ্যমিকের ৫ বিষয়ের মূল্যায়ন স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে জেএসসি ও সমমানের তিনটি বিষয় এবং এসএসসি ও সমমানের দুটি বিষয়ের পরীক্ষা শিক্ষা বোর্ডের অধীনে হবে না। এই পাঁচটি বিষয়ের নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।
অবশ্য এই নম্বর কোনোভাবেই পাবলিক পরীক্ষার ফলাফলে (গ্রেড) ভূমিকা রাখবে না। বিদ্যালয়গুলোকে এই নম্বর শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরে তা বোর্ডের পরীক্ষার নম্বরের সঙ্গে থাকবে।
জেএসসি ও সমমানের যে তিন বিষয়ের পরীক্ষা হবে না, সেগুলো হলো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, চারু ও কারুকলা এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। আর এসএসসি ও সমমানের যে দুই বিষয়ের পরীক্ষা হবে না, সেগুলো হলো শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের মতোই হবে।
অষ্টম শ্রেণিতে ওই তিন বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন কীভাবে হবে, এর বিস্তারিত তথ্য গত বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওই তিন বিষয়ের পূর্ণমান ৫০ করে। এর মধ্যে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং চারু ও কারুকলার তত্ত্বীয় অংশের জন্য ২০ নম্বর এবং ব্যবহারিক অংশের নম্বর ৩০। কর্ম ও জীবনমুখী শিক্ষায় তত্ত্বীয় অংশে ৩০ এবং ব্যবহারিকে ২০ নম্বর। শ্রেণি অভীক্ষা (শ্রেণি পরীক্ষাসহ ক্লাসের আনুষঙ্গিক বিষয়) ও বাড়ির কাজের ভিত্তিতে তত্ত্বীয় অংশের মূল্যায়ন হবে। বিষয়ভিত্তিক কার্যক্রম অনুযায়ী ব্যবহারিক অংশের মূল্যায়ন হবে। যেমন শারীরিক শিক্ষায় খেলাধুলা, চারু ও কারুকলায় অঙ্কন বা নকশা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতেও এ তিন বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন হবে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান প্রথম আলোকে বলেন, নবম-দশম শ্রেণিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষার ধারাবাহিক মূল্যায়ন কীভাবে হবে, এর মানবণ্টনও চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটিও শিগগিরই ওয়েবসাইটে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এসএসসি ও সমমানের যে দুটি বিষয়ের পরীক্ষা হবে না, এর মধ্যে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলার ধারাবাহিক মূল্যায়ন হবে ১০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে তত্ত্বীয় অংশে ৪০ এবং ব্যবহারিক অংশে ৬০ নম্বর। আর ক্যারিয়ার শিক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে তত্ত্বীয় অংশে ৩০ ও ব্যবহারিক অংশে ২০। নবম ও দশম শ্রেণিতে এই দুই বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের ওপর পরীক্ষার বোঝা কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।