প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকা শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দয়া করে মান-ইজ্জত থাকতে স্বেচ্ছায় এই পথ ছেড়ে দিন। তা না হলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত জাতীয় তদারক কমিটির সভায় সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, কাউকেই রেহাই দেওয়া হবে না।
সভায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, মার্চের প্রথম সপ্তাহে ফেসবুকে এইচএসসির প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত একটি আইডি পেয়েছেন। ‘আগে আসলে আগে পাবেন’ নাম দিয়ে চালু এই আইডিতে শতভাগ কমনের নিশ্চয়তা দিয়ে এক হাজার করে টাকা চাওয়া হয়েছে। এই গ্রুপে দুজন অ্যাডমিনের নেতৃত্বে সদস্য আছে ২৫ হাজার। শিগগিরই এই চক্রকে ধরা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, এমনটা করলে মুখ থাকে কোথায়? যাঁরা এসব করছেন, তাঁরা শিক্ষক নামের কলঙ্ক।