মানচিত্রে একাত্তরের বধ্যভূমি
একাত্তরে সংঘটিত গণহত্যার সাক্ষী বধ্যভূমির স্থানগুলো নিয়ে ‘২৫ মার্চের অপারেশন সার্চলাইট, বধ্যভূমি, গণকবর, গণহত্যা স্পট’ শীর্ষক একটি মানচিত্র প্রকাশিত হয়েছে।মানচিত্রটি যৌথভাবে প্রকাশ করেছে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ও মানব বসতি উন্নয়ন কেন্দ্র। মানচিত্রে ঢাকা শহরের বধ্যভূমি ও গণকবরের ৪৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের সব বধ্যভূমিও মানচিত্রের আওতায় নিয়ে আসা হবে।গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে এই মানচিত্র প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে সারা দেশের বধ্যভূমি ও যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো এমনভাবে অক্ষাংশ ও দ্রাঘিমাংশসহ নির্মাণ করা, যেন তা কখনোই হারিয়ে না যায়। বিশ্বের যেকোনো দেশের মানুষই এ বিষয়ে গবেষণা করতে পারবে।’এম এ হাসান বলেন, এ পর্যন্ত দেশে ৯৪৬টি বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে। খোঁজ করলে আরও এক হাজার বধ্যভূমি পাওয়া যেতে পারে। শনাক্ত হওয়া বধ্যভূমিগুলো সংরক্ষণের দাবি জানান তিনি।মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মফিদুল হক বলেন, এই মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার একটি চিত্র যেমন ফুটে উঠবে, তেমনি যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া আরও সুদৃঢ় হবে।মানচিত্র তৈরির সঙ্গে জড়িত মওদুদ এলাহী বলেন, ‘মানচিত্র তৈরির সময় প্রাথমিকভাবে জিআইএস প্রযুক্তির কিছু সমস্যা দেখা দিয়েছিল। প্রত্যন্ত অঞ্চলের অনেক স্থান সে সময় মানচিত্রে আসেনি। কিন্তু পরবর্তী সময়ে তা কাটিয়ে উঠেছি।’ তিনি বলেন, জিআইএস প্রযুক্তিটি খুবই ব্যয়বহুল। জিআইএসের মাধ্যমে প্রথমে মাঠপর্যায়ে গিয়ে স্থান চিহ্নিত করতে হয়। পরে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করতে হয়। শিগগিরই মানচিত্রটি সার্চ ইঞ্জিন গুগলেও পাওয়া যাবে বলে জানান তিনি।আয়োজকেরা জানান, ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি জরিপ ও গবেষণার মাধ্যমে ১৯৯৯ সাল থেকে ঢাকা শহরের যেসব বধ্যভূমি, গণকবর ও গণহত্যার স্থান আবিষ্কার করেছে, তার ওপর ভিত্তি করেই মানচিত্রটি তৈরি করা হয়েছে। এর আগে ২০০৪ সালেও ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি সারা দেশের বধ্যভূমির একটি মানচিত্র তৈরি করে। তবে ওই মানচিত্র তৈরিতে জিআইএস প্রযুক্তি ব্যবহার করা হয়নি।অনুষ্ঠানে শহীদমাতা সালমা বেগম, মাসুদুর রহমান, মানব বসতি উন্নয়ন কেন্দ্রের মহাসচিব জহুরুল হক, সেলিম আজাদ প্রমুখ বক্তব্য দেন।গতকাল এই অনুষ্ঠানের মাধ্যমে ‘মুক্তিযুদ্ধ গবেষণা, স্মৃতি সংরক্ষণ ও চেতনা বিকাশ কেন্দ্র’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।