মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
মানব উন্নয়েনর ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আরেকটু বেড়েছে। জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) বার্ষিক মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে (২০১৪) মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে ইউএনডিপি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। এ সময় ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন এবং ইউএনডিপির এদেশীয় উপপ্রধান নিক ব্রেসফোর্ড বক্তব্য দেন। গতকাল একযোগে জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত ইউএনডিপির প্রধান কার্যালয় থেকে এবারের বৈশ্বিক মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়।
মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটি বর্তমানে ৭৩তম স্থানে রয়েছে। এ ছাড়া ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৩৫ ও ১৪৬। বাংলাদেশ সার্বিকভাবে ভারতের পেছনে থাকলেও পাকিস্তানের আগে রয়েছে।
নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো। এই সূচকে বাংলাদেশের অবস্থান যেখানে ১০৭তম, ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৩৫ ও ১৪৬। দেশ দুটির তুলনায় বাংলাদেশি নারীরা নিজ দেশের পুরুষদের তুলনায় বেশি হারে উন্নতি করেছেন।
মানব উন্নয়ন সূচকের উল্লেখযোগ্য অগ্রগতিতে বাংলাদেশ ছিল ২০১৩ সালে বিশ্বের ১৮টি দেশের মধ্যে একটি। এ বছরের সূচকেও বাংলাদেশ উন্নতির এই ধারা বজায় রেখেছে। সব মিলিয়ে এ বছর বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে প্রবৃদ্ধি দশমিক ৭ শতাংশ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কার অবস্থান দুই ধাপ এগোলেও অন্য দেশগুলোর অবস্থান অপরিবর্তিত রয়েছে।
সার্বিক উন্নয়ন সূচকেও বাংলাদেশ পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে বেশি উন্নতি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নারী-পুরুষ বৈষম্য সূচকেও বাংলাদেশ ভালো করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১১৫, ভারত ও পাকিস্তান উভয়েই এ সূচকে ১২৭তম অবস্থানে রয়েছে। অর্থাৎ, এ দুই দেশের তুলনায় বাংলাদেশে নারীর প্রতি বৈষম্য কম। বহুমাত্রিক দারিদ্র্য সূচকেও বাংলাদেশ ভারতের তুলনায় ভালো করেছে।
বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল এখন ৬৯ দশমিক ২ বছর, শিক্ষা গ্রহণের গড় সময়কাল ৫ দশমিক ৮ বছর এবং মাথাপিছু জাতীয় আয় (জিএনআই, পিপিপি ভিত্তিতে) দুই হাজার ৭১৩ ডলার। সব মিলিয়ে মানব উন্নয়ন সূচকে এবার বাংলাদেশের স্কোর দশমিক ৫৪৪। এই সূচকে সবার ওপরে থাকা নরওয়ের স্কোর দশমিক ৯৪৩।
এ প্রতিবেদন প্রকাশের আগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে অংশ নেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি সচিব মেজবাহ উদ্দীন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার, দেশি-বিদেশি দাতা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের নেতা ও বুদ্ধিজীবীরা। এ বৈঠকের প্রতিপাদ্য ছিল ‘মানব অগ্রগতি টিকিয়ে রাখা, নাজুকতা হ্রাস ও সহনক্ষমতা নির্মাণ’।
নিল ওয়াকার বলেন, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত জনসংখ্যা মানব সম্পদ উন্নয়নে অন্যতম বাধা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি খারাপ নয়। প্রবৃদ্ধির এই ধারা বজায় রেখে মানব উন্নয়নের সমস্যাগুলো মোকাবিলা করতে বাংলাদেশ সক্ষম হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখলেও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে অতি দরিদ্র্য মানুষের হার ২২ শতাংশ। এটি কমিয়ে আনতে হবে।
ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম স্থানে নরওয়ে। আর দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে নেদারল্যান্ডস এবং পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।