মানব পাচার ও মাদকের বিরুদ্ধে প্রচারণা
কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মানব পাচার, ইভ টিজিং ও মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচারণা শুরু করেছেন ১৫ তরুণ। ‘সুন্দর সমাজ নির্মাণে আমরা’ স্লোগানে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সরকারি-বেসরকারি কার্যালয়ে তাঁরা এ প্রচারণা চালাবেন।
গত শুক্রবার সকালে জনসচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ির ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, রামুর গর্জনিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী, কচ্ছপিয়া নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
১৫ তরুণের নেতৃত্ব দিচ্ছেন রামু উপজেলার গর্জনিয়ার তরুণ হাফিজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘মাদকের করাল গ্রাস, বাল্যবিবাহ আর ইভ টিজিং—এই তিনটি সামাজিক ব্যাধিতে আক্রান্ত রামু ও নাইক্ষ্যংছড়ির হাজার হাজার মানুষ। ইভ টিজিংয়ের কারণে বহু মেয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে পারছে না। পাশাপাশি মানব পাচারকারীদের খপ্পরে পড়ে এলাকার অনেকে নিখোঁজ হচ্ছে। অনেকে সহায়-সম্বল হারাচ্ছে। এ ব্যাপারে লোকজনকে সচেতন করতে আমরা মাঠে নেমেছি।’
হাফিজুল ইসলাম চৌধুরী জানান, গতকাল সকাল ও দুপুরে তাঁরা রামুর গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ির থানা মোড়ে পৃথক দুটি সমাবেশ করেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা দুই উপজেলার বিভিন্ন স্কুলে এই প্রচারণা চালাবেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবুল খায়ের বলেন, মানব পাচার ও মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করা হলে অপরাধ কমবে।