মানব পাচার নিয়ে থাই পুলিশের তদন্ত শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীদের পাচারের ঘটনার পাঁচ মাসব্যাপী তদন্ত শেষ করেছে থাইল্যান্ডের পুলিশ। তদন্ত শেষে মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সন্দেহভাজন ২৩২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে তারা। খবর ব্যাংকক পোস্টের।
গত মে মাসের শুরুতে থাইল্যান্ডের সংখলা প্রদেশের সাদাও জেলায় অন্তত ৩২টি গণকবরের সন্ধান পাওয়া যায়, যেখান থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এসব অভিবাসী মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে সাগরপথে থাইল্যান্ডে পৌঁছায়। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। ওই ঘটনার পর মানব পাচারকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে থাই পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজন পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
তদন্তে যে ১৫৩ সন্দেহভাজন মানব পাচারকারীর নাম এসেছে, তার মধ্যে মাত্র ৯১ জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। আর মানি লন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলে যে ৭৯ জনের নাম এসেছে, তার মধ্যে ৪০ জন এখন কারাগারে। সন্দেহভাজন এসব ব্যক্তির মধ্যে থাই সেনাবাহিনী ও নৌবাহিনীর জ্যেষ্ঠ কিছু কর্মকর্তার পাশাপাশি স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারাও রয়েছেন।
তদন্ত শেষ হলেও সন্দেহভাজন অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় সমস্যা সম্পূর্ণভাবে শেষ হয়নি বলে মনে করছেন থাই পুলিশের প্রাদেশিক উপকমান্ডার মেজর জেনারেল পাউইন ফংসিরিন। মামলাটির দায়িত্বে থাকা এই কর্মকর্তা গত মঙ্গলবার মামলাটির সর্বশেষ অবস্থা তুলে ধরেন।