মানব পাচার নির্মূলে সীমান্তে বাহিনীগুলো সতর্ক অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার নির্মূল করতে সীমান্তে বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ড বাহিনীকে সতর্ক রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মানব পাচারের সঙ্গে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে গতকাল রোববার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, সুন্দরবনে দস্যু দমনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আগের চেয়ে এখন সুন্দরবনে দস্যুতা কমে এসেছে। অচিরেই তা শূন্যের কোঠায় নিয়ে আসার আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী দাবি করেন, আগের চেয়ে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দিনে দিনে অপরাধ কর্মকাণ্ড কমে আসছে। পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশে ৩২ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আরও দক্ষ লোকজন নিয়োগ দেওয়া হবে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা।