মানব পাচারসংক্রান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশ এবারও দ্বিতীয় স্তরেই (টায়ার-২) আছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার প্রতিরোধে এখনো ন্যূনতম মানদণ্ড পুরোপুরি রক্ষা করতে পারেনি বাংলাদেশ।
মানব পাচারসংক্রান্ত ট্রাফিকিং ইন পারসন (টিআইপি) শীর্ষক বার্ষিক এই প্রতিবেদন গতকাল সোমবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদনে বাংলাদেশসহ ১৮৮টি দেশের মানব পাচারবিষয়ক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল এই প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে তিনি বলেন, অর্থ দিয়ে অনেক কিছু কেনা যেতে পারে। কিন্তু কখনোই একজন মানুষকে কেনাবেচা করা উচিত নয়।
প্রতিবছর চারটি ক্যাটাগরিতে দেশগুলোকে ভাগ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ক্যাটাগরিগুলো হলো: স্তর-১ (টায়ার-১), স্তর-২ (টায়ার-২), স্তর-২ পর্যবেক্ষণ তালিকা (টায়ার-২ ওয়াচলিস্ট) এবং স্তর-৩ (টায়ার-৩)। যেসব দেশ পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিয়েছে, সেই দেশগুলো টায়ার-১-এ থাকে। বাংলাদেশ ২০০৮ সালে টায়ার-২-এ থাকলেও ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টায়ার-২ ওয়াচলিস্টে ছিল। তবে ২০১২ সাল থেকে বাংলাদেশ টায়ার-২-এ আছে। এ বছরও সেই অবস্থানেই আছে বাংলাদেশ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০১২ সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন করলেও আইনের পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। এ জন্য বিধিমালা করে আইনের পুরোপুরি বাস্তবায়ন, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ, পাচারের শিকার লোকজনকে সুরক্ষাসহ নানা সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে।
এই প্রতিবেদন অনুযায়ী, এবার মালয়েশিয়ার অবস্থান একধাপ এগোলেও থাইল্যান্ডের অবস্থার কোনো উন্নতি হয়নি। মালয়েশিয়া টায়ার-২ ওয়াচলিস্টে এবং থাইল্যান্ড টায়ার-৩-এ আছে। সাম্প্রতিক সময়ে সাগরপথে মানব পাচারের শিকার মানুষদের বন্দিশিবির, গণকবর ও কবর পাওয়া গেছে এই দুই দেশে।