মানব পাচার প্রতিরোধ আইনের খসড়ায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান
পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও তাঁর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১১’-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। এ আইনে সংঘবদ্ধ মানব পাচারের জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১২ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া এ অপরাধে প্ররোচনা দিলে আট বছরের সশ্রম কারাদণ্ড হবে। পাচারের শিকার ব্যক্তি ক্ষতিপূরণ আদায়ে মামলা করতে পারবেন। তাঁদের সরকার প্রতিষ্ঠিত তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনটির খসড়া চূড়ান্ত করেছে। শিগগিরই খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে বলে জানিয়েছে সূত্র।এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোাকে বলেন, মানব পাচারের শিকার ব্যক্তির সাংবিধানিক অধিকার বাস্তবায়নে এবং তাঁদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এ আইন করা হচ্ছে।আইনটি কার্যকর করা হলে দেশের অভ্যন্তরে এবং বাইরে সব ধরনের মানব পাচার কার্যকরভাবে প্রতিরোধ করা যাবে বলে আশা প্রকাশ করেন সচিব।নিরাপত্তা ও সুরক্ষা: খসড়া আইন অনুযায়ী পাচার বা অপরাধের শিকার ব্যক্তি উদ্ধার হওয়ার পর তাঁকে নিজের পরিবারে ফেরত পাঠানো না হলে বা তা সম্ভব না হলে প্রতিষ্ঠিত বা সরকার অনুমোদিত আশ্রয়কেন্দ্র/পুনর্বাসনকেন্দ্রে পাঠাতে হবে। তবে পাচারের শিকার ব্যক্তি আশ্রয়কেন্দ্রে বেশি দিন অবস্থান করতে পারবেন না। তাঁরা চিকিৎসা, আইনি ও মানসিক পরামর্শ সেবা পাবেন। পাচারের শিকার ব্যক্তি নিজে বা সাক্ষী যেন এ আইন বা অন্য আইনের অধীনে শাস্তি না পান, তা নিশ্চিত করতে হবে। পাচার হওয়া ব্যক্তি বা তাঁর পরিবারের কারও নাম-পরিচয় বা ছবি প্রচার করা যাবে না। এ ছাড়া পাচারের শিকার ব্যক্তি বা সাক্ষী শিশু হলে ‘শিশুর সর্বোত্তম কল্যাণ’ নীতি প্রয়োগ করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল: অপরাধের দ্রুত বিচারের জন্য সরকার দায়রা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে প্রত্যেক জেলায় বিশেষ মানব পাচার দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে। ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা না করা পর্যন্ত সরকার প্রত্যেক জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে সেই জেলার মানব পাচার দমন ট্রাইব্যুনাল হিসেবে আখ্যায়িত করতে পারবে। ট্রাইব্যুনালের অধীনে দায়রা আদালতের সব ক্ষমতা থাকবে। বিশেষ করে ট্রাইব্যুনাল ‘ন্যায় বিচারের স্বার্থে’ কোনো সুরক্ষামূলক আদেশসহ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাঁদের অধীনে বা ব্যবস্থাপনায় থাকা দলিল বা কাগজপত্র উত্থাপন করার নির্দেশ দিতে পারবে। ট্রাইব্যুনাল কোনো অভিযুক্তকে জামিন দেওয়ার সময় ওই আদেশের সঙ্গে তার নির্দিষ্ট করে দেওয়া দিনে জামিন পাওয়া ব্যক্তিকে পুলিশ বা ট্রাইব্যুনালের কাছে হাজিরা দেওয়ার নির্দেশনা দিতে পারবে। অপরাধের আইনি প্রকৃতি: এ আইনের আওতায় অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং অ-আপসযোগ্য হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী এ আইনে অভিযুক্ত হলে মামলা দায়েরের জন্য সরকারের অনুমতি সংগ্রহ করা হোক বা না হোক ট্রাইব্যুনাল ওই অপরাধ আমলে নিতে পারবে। বিচার সম্পন্নের সময়সীমা: এ আইনের আওতায় বিশেষ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের ১৮০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন করবে। ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল এ আইনের অধীনে কোনো অপরাধের বিচারকাজ কেবল মামলার সংশ্লিষ্ট পক্ষ এবং তাদের নিযুক্ত আইনজীবী বা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠানের আদেশ দিতে পারবে। ট্রাইব্যুনাল প্রয়োজনে দোভাষীও নিয়োগ দিতে পারবে। যৌথ আইনি সহায়তা ও বিদেশে পরোয়ানা: মানব পাচারের সঙ্গে যদি অন্য কোনো দেশের সংশ্লিষ্টতা থাকে বা ওই দেশে কোনো সাক্ষী, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ, বিবাদী বা অপরাধে সহায়তাকারী ব্যক্তি থাকে তবে সেই দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করা যাবে। তবে চুক্তি সই না হওয়া পর্যন্ত এমন যৌথ আইনি সহায়তা আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। এ ছাড়া বিদেশে বসবাসরত কোনো বিবাদীর বিরুদ্ধে এ আইনের অধীনে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে এ অধ্যায়ে উল্লিখিত বিধানের অতিরিক্ত হিসেবে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৯৩ক, ৯৩খ এবং ৯৩গ ধারায় প্রক্রিয়া যতটুকু প্রয়োগযোগ্য ততটুকু প্রয়োগ হবে।পতিতাবৃত্তির শাস্তি: কোনো ব্যক্তি কাউকে জোরজবরদস্তি করে বা লোভ দেখিয়ে পতিতাবৃত্তি অথবা অন্য কোনো প্রকারের যৌন শোষণের কাজে নিয়োগ করার উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে আনলে অথবা দেশের এক স্থান থেকে অন্য স্থানে পাঠালে তাঁর জরিমানাসহ ১০ বছরের কারাদণ্ড হবে। এ ছাড়া কেউ পতিতালয় স্থাপন বা পরিচালনা করলে দুই বছর এবং অনূর্ধ্ব পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া তাঁর কমপক্ষে ১০ হাজার টাকার অর্থদণ্ডও হবে।বেশ্যাবৃত্তির আহ্বানও দণ্ডণীয়: কোনো ব্যক্তি রাস্তায় বা জনসাধারণের ব্যবহার্য স্থানে, ঘরের ভেতরে বা বাইরে কাউকে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা অশালীন ভাবভঙ্গি দেখিয়ে আহ্বান করলে অথবা শ্লীলতাহানি করলে এক থেকে তিন বছরের কারাদণ্ড হবে।সম্পত্তি আটক ও ক্ষতিপূরণ: বিচার চলার সময় অপরাধীর সম্পত্তি আটকের আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল। এ আইনে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে ট্রাইব্যুনাল তাঁর দেশে-বিদেশে অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এ বাজেয়াপ্ত সম্পত্তি মানব পাচার প্রতিরোধ তহবিলে জমা হবে। এ ছাড়া কোনো অপরাধী দোষী সাব্যস্ত হলে ট্রাইব্যুনাল তদন্ত করে জরিমানার অতিরিক্ত হিসেবে পাচারের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও অপরাধীকে আদেশ দিতে পারবে। সরকার যা করবে: সরকার পাচারের শিকার ব্যক্তিদের চিহ্নিত বা উদ্ধার করে এ আইনের অধীনে কাজ করবে। সরকার এ জন্য বেসরকারি সংস্থার সহায়তাও নেবে। কেউ বিদেশে পাচার হলে সরকার বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাঁকে ফেরত আনার উদ্যোগ নেবে। উদ্ধার হওয়া ব্যক্তি সরকার, পুলিশ বা বিশেষ তদন্ত ইউনিটের কাছ থেকে অপরাধীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা এবং মামলার সর্বশেষ অবস্থার ব্যাপারে মাসে অন্তত একবার অবগত হওয়ার অধিকারী হবে। আশ্রয়কেন্দ্র ও পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা: পাচারের শিকার ব্যক্তিদের শারীরিক ও মানসিক সেবা, পুনর্বাসন এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার সারা দেশে পর্যাপ্তসংখ্যক আশ্রয়কেন্দ্র বা পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা করবে। এ ধরনের কেন্দ্র প্রতিষ্ঠা করতে ইচ্ছুক ব্যক্তিরা সরকারের লাইসেন্স নিয়ে আশ্রয়কেন্দ্র বা পুনর্বাসনকেন্দ্র পরিচালনা করতে পারবেন।প্রতিরোধ তহবিল: এ আইনের লক্ষ্য পূরণে বিধিবদ্ধ পদ্ধতিতে ব্যবহারের জন্য মানব পাচার প্রতিরোধ তহবিলও গঠন করা হবে।