মানব পাচার প্রতিরোধ আইনের খসড়ায় শাস্তির উল্লেখ নেই
মানব পাচার প্রতিরোধ আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১’ শীর্ষক খসড়াটিতে পাচার প্রতিরোধ বিষয়ে কিছু বলা হয়নি। এ ছাড়া অপরাধী অর্থাৎ সংঘবদ্ধ পাচারকারীদের শাস্তির বিষয়টিও খসড়ায় অনুপস্থিত।গতকাল বুধবার নগরের বিয়াম মিলনায়তনে দিনব্যাপী এক সেমিনারে খসড়া আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় বক্তারা এ কথা বলেন। বক্তারা খসড়াটি আরও সংযোজন ও সংশোধন করার ওপরও গুরুত্ব দেন।সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এবং বিআইভিএ যশোর এ সেমিনারের আয়োজন করে।সমন্বিত আইন প্রণয়ন ও বাস্তবায়ন-পরবর্তী পদক্ষেপবিষয়ক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, দেশের জনসংখ্যা বাড়ছে, কিন্তু সবার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হচ্ছে না। জীবিকার প্রয়োজনে মানুষ দেশের বাইরে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁদের অনেকে পাচারকারীর কবলে পড়ছে। তাই পাচারকারী সংঘবদ্ধ দলকে চিহ্নিত করে আইনটিতে শাস্তির বিধান করতে হবে।আইনমন্ত্রী বলেন, আইনের শিরোনামে পাচার প্রতিরোধের কথা বলা হলেও খসড়াটিতে পাচার প্রতিরোধের বিষয়ে কিছুই বলা হয়নি। তাই খসড়াটি মন্ত্রিসভায় উত্থাপনের আগে আরও কিছু বিষয় সংশোধন ও সংযোজন করা প্রয়োজন। তিনি মানব পাচার প্রতিরোধে বিভিন্ন দেশের মধ্যে আইনি দ্বিপক্ষীয় চুক্তি করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।সেমিনারের বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও খসড়াটির পুনর্মূলায়নের দাবি জানান। তিনি বলেন, পাচারকারী সংঘবদ্ধ দলগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। পাচারের সঙ্গে জড়িত অনেক প্রতিষ্ঠানের নাম জানার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আইনে এসব দলকে শাস্তির আওতায় আনতে হবে।দাতা সংস্থা ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের প্রেসিডেন্ট ইশরাত শামীম। এতে আইনের খসড়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আইন কমিশনের সদস্য মো. আবদুল মোবারক।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুল ইসলাম বলেন, পাচারের আইনটি যাতে নিরাপদ অভিবাসন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে নজর দিতে হবে।প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান এবং ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক শাহ হোসাইন ইমাম পাচার ইস্যুতে গণমাধ্যমকে সচেতন করা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং পাচারের শিকার ব্যক্তি ও সাক্ষীদের যথাযথ গুরুত্ব ও নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান।দিনব্যাপী সেমিনারে আয়োজক এবং দাতা সংস্থার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মুহিত, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন, পুলিশের এআইজি শাহ আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান-১) হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।