মানব পাচার প্রতিরোধে সমন্বিত কার্যক্রম দাবি
মানব পাচার প্রতিরোধে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত কার্যক্রমের দাবি উঠেছে। গতকাল বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক মানব পাচার বিরোধী’ দিবসে এই দাবি জানানো হয়।
দিনটি উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে ১৫টি জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মানব পাচারের শিকার ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতার ওপর বিভিন্ন প্রতিবেদন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি সম্মেলনকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভা সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। অনুষ্ঠানে মানব পাচারের শিকার একজন পুরুষ ও নারী এবং মানব পাচারের সারভাইভারদের নেটওয়ার্ক অনির্বাণের প্রতিনিধি আল আমিন নয়ন বক্তব্য দেন। সভা থেকে মানব পাচার মোকাবিলায় সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখা, দেশের সর্বমহল থেকে মানব পাচার প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া, সরকারের জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।