দক্ষিণ এশিয়া থেকে মানব পাচার বন্ধ করতে হলে এ অঞ্চলের মানুষের দারিদ্র্য লাঘব করতে হবে। বাড়াতে হবে সরকারি-বেসরকারি কার্যক্রম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা।‘মানব পাচার রোধে দক্ষিণ এশীয় আঞ্চলিক কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন। এটসেক এবং আইওএম রাজধানীর এলজিইডি মিলনায়তনে দুই দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করে। গত বৃহস্পতিবার কর্মশালা শেষ হয়।অনুষ্ঠানে এটসেকের দক্ষিণ এশীয় সমন্বয়ক মানবেন্দ্র নাথ মণ্ডল বলেন, ‘ভাবতে অবাক লাগে, কোন পরিস্থিতিতে পড়লে কোনো মা-বাবা তাঁদের সন্তানকে বিক্রি করতে পারেন?’ তিনি মানব পাচার ও তার পরিণতির বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণমাধ্যম ও সুশীল সমাজকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটসেক বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপারসন এ কে এম মাসুদ আলী, বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক আফরোজা পারভীন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।