মানব পাচার আজকের বিশ্বের একটি বড় সমস্যা। এই পাচার থেকেই অনেক অপরাধের জন্ম হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে নারী ও শিশুরা। সবার জন্য নিরাপদ একটি বিশ্ব গড়তে হলে যেকোনো মূল্যে পাচার বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ, গণমাধ্যম এবং বিশেষ করে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে হবে।‘মানব পাচার: সমস্যা ও প্রতিরোধের উপায়’ শীর্ষক এক সেমিনারে গতকাল বৃহস্পতিবার বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) ও ঢাকার আমেরিকান সেন্টার।সেমিনারে বিশেষ নিবন্ধ পাঠ করেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনাল জাস্টিস ও পুলিশ অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল জাস্টিস অ্যান্ড সিকিউরিটির পরিচালক রবিন হার। তিনি বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক সমস্যা। নারী ও শিশুরা এ ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকে। দারিদ্র্য, শিক্ষার অভাব ও অসচেতনতা এর বড় কারণ। সমস্যা সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একযোগে কাজ করতে হবে। তিনি পাচার থেকে উদ্ধার হওয়া নারী ও শিশুদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক মনোভাবের ওপর গুরুত্ব দেন।