মানব পাচার মামলা নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
গতকাল রোববার কক্সবাজার জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী এ দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসিনা রশিদ।
সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের জঙ্গল থেকে মুক্তিপণ দিয়ে দেশে ফেরা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১১ জন যুবক তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
সংবাদ সম্মেলনে সালমা আলী জানান, গত ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ থানায় মানব পাচার দমন আইনে ৫৫টি মামলা হয়েছে। এই তিন উপজেলায় কয়েক শ মানুষ এখনো নিখোঁজ। এসব পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কারণ, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মানব পাচারের শিকার ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে।
সালমা আলী বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার শহরে মহিলা আইনজীবী সমিতির তিনটি কার্যালয় স্থাপন করা হয়েছে। কিছুদিনের মধ্যে মানব পাচারের ওপর বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ বিদেশের কারাগারে আটক বাংলাদেশিদের ফেরত আনতে কাজ করবে সমিতি।
সংবাদ সম্মেলনে মানব পাচারবিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সদস্য মিসকাতুন তানজিমা আলিম।